চলতি মাসেই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণের সাক্ষী থাকতে চলেছে বিশ্ববাসী

ODD বাংলা ডেস্ক: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। চলতি মাসেই দেখা যাবে এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সূত্রে খবর, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ না-হলেও আগামী ১৯ নভেম্বর, কার্তিক পূর্ণিমার দিন প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী হবে এই গ্রহণ। সেদিন পৃথিবী চলে আসবে সূর্য এবং চাঁদের মাঝখানে। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়তেই শুরু হবে গ্রহণ। গ্রহণ চলাকালীন চাঁদের ৯৭ অংশ লাল হয়ে থাকবে বলেই জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। ভারতীয় সময় দুপুর দেড়টার পরে শিখর ছোঁবে গ্রহণ।ওই দিন সব মিলিয়ে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড চলবে গ্রহণ। এর পরের চন্দ্রগ্রহণ ২০২২-এর ১৬ মে।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের প্রায়-সম্পূর্ণ এই গ্রহণ অল্প সময়ের জন্য হলেও ভারতের কিছু অংশ থেকে দেখা যেতে পারে। তাঁরা দেখেছেন, অবস্থান অনুযায়ী উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং অসমের পূর্ব দিকের কিছু এলাকা থেকে শরতের শেষ পূর্ণিমার এই চাঁদের গ্রহণ চাক্ষুষ করা যেতে পারে। তবে বিরল এই ঘটনার সবচেয়ে ভালো সাক্ষী হতে চলেছে উত্তর আমেরিকা। সে দিন রাত ২টো থেকে ৪টের মধ্যে আমেরিকার পূর্ব উপকূল থেকে স্পষ্ট দেখা যাবে গ্রহণ-লাগা এই লাল চাঁদ। এছাড়া দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে বলে জানিয়েছে নাসা।

বিশেষজ্ঞরা বলছেন, শতাব্দীর এই দীর্ঘতম চন্দ্রগ্রহণ হয়ত চাক্ষুষ করতে পারবেন না পশ্চিমবঙ্গবাসী। তবে চিন্তা নেই, বলছে নাসা। তাঁদের ওয়েবসাইটে এই চন্দ্রগ্রহণ লাইভ দেখানো হবে বলে জানিয়েছেন মার্কিন মহাকাশ বিজ্ঞানীরা।

আগামী আট-ন'বছরের মধ্যে ছোট-বড় মিলিয়ে আরও ২০টি চন্দ্রগ্রহণ হবে বলে জানা যাচ্ছে। আগামী শতাব্দীতে ২২৮টি চন্দ্রগ্রহণ হবে বলে জানিয়েছে নাসা। প্রত্যেক মাসেই অন্তত দু'টি করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.