মামলায় জিতলেন নিখিল, নুসরত জাহানের সঙ্গে বিচ্ছেদ পাকা


ODD বাংলা ডেস্ক: দীর্ঘ টানাপোড়েন, জলঘোলা, তর্ক বিতর্কের পর অবশেষে নুসরত জাহানের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন হল নিখিল জৈনের। নুসরত আলাদা হয়ে যাওয়ার বেশ কিছুদিন পর ম্যারেজ অ্যানালমেন্টের মাধ্যমে সম্পর্কে ইতি টানতে চেয়ে কোর্টের দারস্থ হয়েছিলেন নিখিল জৈন। অবশেষে জয় হল নিখিলের। বুধবার তাঁদের বিয়ে খারিজ করে দিল আলিপুর সিভিল কোর্ট। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে নিখিল জৈন জানিয়েছেন, 'জন্মদিনে এটাই সেরা উপহার'। 

২০২০ সালে তুরস্কে ধূমধাম করে বিয়ে করেছিলেন অভিনেতা নুসরত জাহান ও ব্যবসায়ী লিখিল জৈন। এরপর দেশে ফিরে একসঙ্গে কিছু মাস থাকার পরই আলাদা থাকার সিদ্ধান্ত নেন দুজনে। বিচ্ছেদের কিছুদিন পরই একটি বিবৃতিতে নুসরত জানিয়েছিলেন যে ভারতে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন হয়নি, তুরস্কের বিয়ে এখানে গ্রাহ্য নয়, অতএব এই বিয়ে এখানে বৈধ নয় বলেই দাবি করেন নুসরত। তাই নিখিলের সঙ্গে ডিভোর্সের কোনও প্রশ্নই ওঠে না। 

নুসরতের এই বিবৃতির পরই কোর্টের দ্বারস্থ হয়ে নুসরতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আবেদন করেছিলেন নিখিল জৈন। বেশ কয়েকমাস ধরে নুসরতের বিরুদ্ধে এই মামলা চলার পর অবশেষে নিখিলের পক্ষে রায় দিল আদালত। খারিজ হল নিখিল-নুসরতের বিয়ে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.