ছাদ নেই, দেওয়াল নেই, এমনই এক হোটেল রুম!
ODD বাংলা ডেস্ক: দেশে-বিদেশে যখন নিরাপত্তা আর সুযোগ-সুবিধার চাদর চড়িয়ে তারকার পর তারকা বসছে বিভিন্ন হোটেলের মানদণ্ডে, ঠিক তখনই সুইজারল্যান্ডে যাত্রা শুরু করেছে এক কক্ষের একটি হোটেল। এই হোটেলের বিশেষত্ব, এর একমাত্র কক্ষটির কোনো দেয়াল বা ছাদ নেই। বিলাসবহুল বিছানায় শুয়ে অতিথি তাঁর মাথার ওপর খোলা আকাশ আর চারপাশে পাহাড়ি পরিবেশ উপভোগ করতে পারবেন।
সুইজারল্যান্ডের পাহাড়ি গ্রাউবানডেন ক্যান্টনের সাফিয়েন্তাল এলাকায় যাত্রা শুরু করা এই হোটেলের নাম নাল স্টার্ন হোটেল। শুরুতে হোটেলটি দেয়াল আর ছাদবিহীন ছিল না। ২০০৮ সালে এটি যাত্রা শুরু করে সেন্ট গালেন ক্যান্টনে মাটির নিচে একটি পারমাণবিক বাংকারে। কনসেপচুয়াল আর্টিস্ট ফ্রাঙ্ক ও প্যাট্রিক রিকলিন এবং হোটেল ব্যবসায় অভিজ্ঞ ড্যানিয়েল শারবোনিয়ের যৌথভাবে পরে এই দেয়াল আর ছাদবিহীন হোটেলের ধারণার জন্ম দেন। তাঁদের মতে, এভাবে পুরো সুইজারল্যান্ডই একটা হোটেলে পরিণত হবে, যেখানে অতিথি তাঁর শয়নকক্ষ থেকেই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
শারবোনিয়ের বলেন, ‘বর্তমানের ধারণাটি ভূগর্ভস্থ পারমাণবিক বাংকারে হোটেল প্রতিষ্ঠার সম্পূর্ণ বিপরীত। তবে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য অভিন্নই রয়ে গেছে।’
কেউ চাইলে মৌসুমি এই হোটেলের একমাত্র দুই শয্যার কক্ষটি আগে থেকেই বুকিং দিতে পারবেন। আগত অতিথিদের প্রতি রাতের জন্য এখানে গুনতে হবে ২০০ সুইস ফ্রাঁ, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ হাজার টাকা।
দেয়াল বা ছাদ না থাকলেও নাল স্টার্ন হোটেলে অতিথিসেবার দায়িত্বে রয়েছেন সাদা হাতমোজা আর টাই পরা একজন বাটলার। তবে দুটি সমস্যা রয়ে গেছে এখানে। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বিছানার আরাম ত্যাগ করে অতিথিকে হয় ছাতা মাথায় বসে থাকতে হবে, নতুবা নিজেকে সঁপে দিতে হবে প্রকৃতির মাঝে। এর সমাধান হিসেবে হোটেল কর্তৃপক্ষ অবশ্য স্বল্প সময়ে বুকিং বাতিলের সুযোগ রেখেছে। আর দ্বিতীয় সমস্যাটা হলো, এই হোটেলে কোনো বাথরুম নেই। নিজের বিছানা থেকে ১০ মিনিটের দূরত্বে পাবলিক টয়লেটে গিয়েই গোসলসহ বাকি কাজগুলো সারতে হবে অতিথিকে।





Post a Comment