শীতের পোশাক ব্যবহারের আগে যা জানা জরুরি



 ODD বাংলা ডেস্ক:  অবশেষে আগমন ঘটল শীতের। যদিও শীত এখনো শহরে জেঁকে বসেনি। তবে আশেপাশের অঞ্চলগুলোতে শীত ভালোই বাড়ছে। শীত এলে শীতের পোশাক পরতেই হয়। সেই সঙ্গে আলমারি থেকে নামাতে হয় লেপ-কম্বল।

তবে শীতের পোশাক এবং লেপ-তোষক ব্যবহারের আগে কিছু বিষয়ে খেয়াল রাখা খুব জরুরি। কারণ এতোদিন ধরে তুলে রাখা শীতের এসব পোশাক এবং লেপ-তোষক ঠিক অবস্থায় আছে কিনা তা দেখে নেয়া দরকার। দীর্ঘদিন আলমারিতে তুলে রাখার ফলে এগুলোতে ভ্যাপসা গন্ধ এবং ধুলোর আস্তরণ পড়ে যায়। আবার সব জামা-কাপড় কুঁচকে যায়। তাই শীতের পোশাক, কাঁথা-কম্বল ব্যবহারের আগে সেগুলোর বিশেষ যত্নের প্রয়োজন। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে শীতের পোশাক, কাঁথা-কম্বলের যত্ন নেবেন- 


লেপ-কম্বল-কাঁথা


ধোয়ার বদলে লেপ-কম্বল রোদে দেওয়া ভালো। সপ্তাহে অন্তত এক থেকে দুই বার লেপের কাভার ধুয়ে নিন। কম্বল যদি তুলোর তৈরি না হয়, সেক্ষেত্রে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারেন। কাঁথা ধোয়ার আগে জলে ডিটারজেন্ট মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। তার পরে কাঁথা ধুয়ে নিন।


উল-ফ্লানেল


উলের কাপড় মৃদু ক্ষারযুক্ত ডিটারজেন্ট দিয়ে ১৫ মিনিট জলে ভিজিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। কখনোই বেশি জোরে কাচা বা নিংড়ানো যাবে না। আর ফ্লানেল কাপড়ের খুব বেশি যত্ন নেয়ার প্রয়োজন পড়ে না। লিকুইড ডিটারজেন্ট ভালো করে জলের সঙ্গে মিশিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রেখে কেচে ধুয়ে ফেলতে হবে।


সোয়েটার-মাফলার


পরার আগে উলের তৈরি জামা-কাপড় একবার ধুয়ে নিলে ভালো। তবে লন্ড্রির দোকানে ধোয়ার জন্য না দিয়ে বরং বাড়িতেই ধুয়ে নিন। সোয়েটার-মাফলারের মতো উলের জামা-কাপড়ের সঙ্গে অন্য জামা-কাপড় না ধোয়াই ভালো। ধোয়ার পর কড়া রোদে এই ধরনের জামা-কাপড় শুকোতে দেবেন না। তা হলে রং চটে যেতে পারে।


লেদারের জ্যাকেট


লেদারের পোশাক খুবই স্পর্শকাতর হয়। তাই সারা বছরই এর যত্ন নিতে হয়। মাঝে মাঝে অল্প সময়ের জন্য রোদে দিয়ে ব্রাশ করে ঝেড়ে ফেলতে হবে। অবশ্যই লেদারের জ্যাকেট হ্যাঙ্গারে ঝুলিয়ে তুলনামূলক ঠাণ্ডা জায়গায় রাখতে হবে। জিপারের চেইন জ্যাম হয়ে গেলে মোম বা নারকেল তেল দিয়ে ঘষে নিলেই জিপার সহজে খুলে যাবে।


যা মনে রাখবেন


** আয়রন করার আগে উলের জামাকাপড় উল্টে নিয়ে তারপর আয়রন করুন।


** ঘন ঘন শীতের পোশাক ধোবেন না। এতে পোশাক তার কোমলতা আর ঔজ্জ্বল্য হারায়। 


** ঘামযুক্ত শীতের পোশাক আলমারিতে তুলে রাখবেন না। এতে পোকার আক্রমণ হতে পারে।


** শীতের কাপড়ে ভুলেও কখনো পারফিউম দিয়ে রাখবেন না। তাহলে কাপড়ে দাগ পড়ে যাবে। 


** উলের পোশাক ঝুলিয়ে শুকাতে দেবেন না। মাটিতে তোয়ালে বিছিয়ে তার ওপরে শুকাতে দিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.