বিজ্ঞানী হিসেবে কালনার ছেলের খ্যাতি বিশ্ব দরবারে

Odd বাংলা ডেস্ক: স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় স্থান পেলেন কালনার সন্তান অরিন্দম মোদক। বর্তমানে দিল্লি আইআইটি-তে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কর্মরত তিনি। বছর সাঁইত্রিশের অরিন্দম উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন কালনা মহারাজা বিদ্যালয়ে। একই স্কুলের ছাত্র সঞ্জীব গঙ্গোপাধ্যায় এর আগে বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছিলেন। এ বার আরও এক ছাত্রের 'বিশ্বজয়ে' উচ্ছ্বসিত বিদ্যালয়। শনিবার তাঁকে সংবর্ধিত করা হবে বিদ্যালয়ে।

কতগুলি গবেষণাপত্র রয়েছে, গবেষক-বিজ্ঞানীর নামে পেটেন্টই বা কত, সে সব বিশ্লেষণ করে বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকা প্রকাশ করে স্ট্যানফোর্ড। অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে গবেষণারত অরিন্দম ওই তালিকায় রয়েছেন।

কালনা লাগোয়া হাটকালনার তালবোনার বাসিন্দা অরিন্দম ২০০০-এ মাধ্যমিক ও ২০০২ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। খড়্গপুর আইআইটি থেকে রসায়নে স্নাতকোত্তর, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স থেকে পিএইচ ডি। চিন, জাপান, ইজরায়েলের মতো দেশে কর্মরত থেকেছেন বিজ্ঞানী হিসেবে। স্ট্যানফোর্ডের স্বীকৃতি তাঁকে উল্লসিত তো করেইছে, পাশাপাশি সাফল্যের কথা যেন বিশ্বাস হতে চাইছে না অরিন্দমের। বলেন, 'বহু তাবড় বিজ্ঞানী যে তালিকায় নাম তুলতে বেগ পান, সেখানে স্থান পেয়ে প্রথমে চমকেই গিয়েছিলাম।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.