ফের নিম্নচাপের ভ্রুকুটি, রাতে পারদ নামলেও রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা


Odd বাংলা ডেস্ক:  কার্তিক মাস পেরিয়ে অগ্রহায়ণ মাস পড়ে গেল, তবুও দেখা নেই শীতের। জাঁকিয়ে শীতের অপেক্ষায় থাকা বাঙালি শীতের আমেজই মন ভরাচ্ছে। তার মাঝেই আবারও নিম্নচাপের চোখরাঙানি। যা দেখে শুনে আবহাওয়া দফতর জানিয়েছে, শীত এখনও বহু দূর।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই-তিনদিন রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমলেও, ফের সপ্তাহ শেষে শীতের আমেজ কমে যাবে। মূলত শনিবারের পর থেকেই বাড়তে থাকবে রাতের তাপমাত্রা । আবারও দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। রবিবার রাত থেকে অথবা সোমবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বৃষ্টি হবে কলকাতাতেও। হালকা বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে আজ?

বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ থাকবে মূলত পরিষ্কার। এদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন সামান্য হলেও নামবে তাপমাত্রা। মনোরম আবহাওয়া তৈরি হবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ। মঙ্গলবার শহরের তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত?

এক নিম্নচাপের প্রভাব শেষ হতে না হতেই হাজির আরও এক। এর জেরে বাধাপ্রাপ্ত উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে বিলম্বিত শীত। জাঁকিয়ে শীত আসতে অপেক্ষা করতে হবে ডিসেম্বরের মাঝামাঝি। ১৫ ডিসেম্বরের আগে আপতত জাঁকিয়ে শীত পড়বে না বলেই মত আবহাওয়া দফতরের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.