বড়দিন উপলক্ষে কয়েকটি মজাদার রেসিপি
ODD বাংলা ডেস্ক: আজ বাদে কাল বড়দিন। এটি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আর বড়দিন মানেই আলোকসজ্জা আর কেক ও বাহারি মিষ্টান্ন। বিশ্বব্যাপী খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ অত্যন্ত আনন্দ আয়োজন এবং খাওয়া-দাওয়ার মাধ্যমে এই দিনটিকে পালন করে থাকেন। বড়দিন উপলক্ষে বাড়িতেই বানাতে পারেন বিভিন্ন কেক এবং কুকিজ। কিন্তু কীভাবে? চলুন তবে জেনে নেয়া যাক বড়দিন উপলক্ষে কয়েকটি মজাদার রেসিপি-
ক্রিসমাস লগ কেক
উপকরণ: ডার্ক গুড়ের গুঁড়া এক কাপ, ফ্রেশ ব্রেডক্রাম্ব সাত কাপ, গরুর চর্বির টুকরা এক কাপ, লবণ আধা চামচ, গ্রাউন্ড অলস্পাইস এক চা চামচ, জয়ফল মিশ্রণ এক চা চামচ, বীজহীন সাদা কিসমিস দুই কাপ, কিসমিস দুই কাপ, টুকরা ক্যান্ডি তিন কাপ, কাজুবাদাম কুচি দেড় কাপ, বড় খোসা ছাড়ানো টুকরা করা টার্ট আপেল দুইটি, ফেটানো ডিম দুইটি, ঘন দুধ দেড় কাপ, তরল দুধ তিন কাপ, কমলা অর্ধেক, সর, লেবুর রস।
প্রণালী: একটি বড় পাত্রে কাজুবাদাম এবং ফলগুলো ভালো করে নেড়ে নিন। এরপর আপেলের টুকরা, লেবুর রস, ডিম এবং ঘন দুধ ভালোভাবে মিশিয়ে নিন। নরমভাব আনতে পরিমাণ মতো দুধ দিন। একটি পাত্রে চার টেবিল চামচ চর্বি ঢেলে মাখিয়ে নিন এবং পাঁচ কাপ কিসমিস দিয়ে সব উপকরণ মিশিয়ে একটি তেলনিরোধী ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে হবে। মাঝখানে ভাজ করে এবং রিমের চারপাশে গিঁট দিয়ে সারারাত রেখে দিতে হবে। স্টিমার বা গরম বুদবুদ করতে থাকা জলের পাত্রের ওপরে চার-পাঁচ ঘণ্টা রাখুন। কিছুক্ষণ পরপর জল ভরে দিতে হবে। এরপর খুব সাবধানে পাত্র থেকে উঠিয়ে অন্য পাত্রে রাখতে হবে এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুরোনো ফয়েল পেপার পরিবর্তন করে নতুন পেপার দিয়ে রাব করে পরিবেশন করার আগে আরও দুই ঘণ্টা স্টিম করে নিতে হবে। চকলেট ক্রিম দিয়ে মনমতো ডিজাইন করে ডেকোরেশনের জন্য কেকের ওপর ক্যান্ডি গুঁড়ো ছিটিয়ে দিতে হবে। হয়ে গেল ক্রিসমাস লগ কেক।
জিনজার কুকিজ
উপকরণ: বাটার ৫০০ গ্রাম, আইসিং সুগার ২৫০ গ্রাম, ময়দা ৪০০ গ্রাম, গুঁড়া দুধ ২০ গ্রাম, জিনজার পাউডার ২০ গ্রাম, বেকিং পাউডার ২০ গ্রাম এবং ডিম একটি।
প্রণালী: প্রথমেই বাটার ও চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যেই একটি ডিম দিয়ে আরও কিছুক্ষণ মেশাতে হবে। এরপর ময়দা, গুঁড়া দুধ, বেকিং পাউডার এবং জিনজার পাউডার দিয়ে একটি ডো বানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ডো বেশি পাতলা না হয়ে যায়। এরপর ডো থেকে একটুু একটু করে নিয়ে বিস্কুটের শেপ করে নিতে হবে এবং বেকিং ট্রেতে বাটার ব্রাশ করে ১৮০ ডিগ্রিতে প্রি হিট করে ১০-১২ মিনিট বেক করতে হবে। হয়ে গেল মজাদার জিনজার কুকিজ।
কাপ কেক
উপকরণ: মাখন হাফ কাপ, চিনি হাফ কাপ (চাইলে বেশি দেওয়া যাবে), ময়দা এক কাপ (একটু কম), কোকো পাউডার চার টেবিল চামচ, বেকিং পাউডার হাফ চা চামচ, চকলেট সস ১/৪ কাপ এবং ডিম দুটি।
প্রণালী: চিনি ও মাখন একসঙ্গে ভালো করে ফেটিয়ে বা বিট করে নিতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত। এবার একটি একটি করে ডিম বিট করে নিতে হবে মসৃণ মিশ্রণ হওয়া পর্যন্ত। এরপর এতে চকলেট সস মিশিয়ে আরও কিছুক্ষণ বিট করতে হবে। এবার আলাদা করে রাখতে হবে। ময়দা, কোকো পাউডার ও বেকিং পাউডার একসঙ্গে চালনিতে চেলে কেকের মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ছয়টি কাপ কেকের মল্ড নিয়ে একটি একটি করে পেপার কাপে ঢেলে সমান করে দিতে হবে। এবার ওভেনে ১৮০ ডিগ্রিতে ৩০ মিনিট বেক করে নিতে হবে। বের করে ওপরে চকলেট চিপস ছড়িয়ে পরিবেশন করুন মজাদার কাপ কেক।
চকলেট বিস্কুটি
উপকরণ: আইসিং সুগার ৩/৪ কাপ, বাটার পাঁচ কাপ, ভ্যানিলা এক চা চামচ, বেকিং পাউডার এক চা চামচ, লবণ হাফ চা চামচ, ডিম দুটি, ডিমের সাদা অংশ দুটি, কিশমিশ এক কাপ, ড্রাই ফ্রুট এক কাপ, পেস্তাবাদাম ৩/৪ কাপ, ময়দা দুই কাপ, চকলেট চিপস ১০০ গ্রাম এবং মার্জারিন এক টেবিল চামচ।
প্রণালী: প্রথমেই মাখন, চিনি এবং মার্জারিন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যেই একটি ডিম দিয়ে আরও কিছুক্ষণ মেশাতে হবে এবং সঙ্গে ডিমের সাদা অংশও মিলিয়ে নিতে হবে। এরপর ময়দা, ড্রাই ফ্রুট, পেস্তাবাদাম, চকলেট চিপস, বেকিং পাউডার ও লবণ দিয়ে একটি ডো বানিয়ে রোল করে নিতে হবে। এরপর রোল করে রাখা মিশ্রণটি বেকিং ট্রেতে বাটার ব্রাশ করে ১৮০ ডিগ্রিতে প্রি-হিট করে রাখা ওভেনে ২০ থেকে ২৫ মিনিট বেক করতে হবে। এবার ঠান্ডা হয়ে এলে বিস্কুটের শেপ করে কেটে আবারও ওভেনে ১২০ ডিগ্রিতে ১৫ থেকে ২০ মিনিট ড্রাই করে নিতে হবে। ড্রাই হয়ে এলে নামিয়ে চকলেটে ডিপ করে পরিবেশন করুন মজাদার চকলেট বিস্কুটি।





Post a Comment