প্রেমিকাকে দামি উপহার দিতে দুই বন্ধুকে নিয়ে প্রেমিকের ডাকাতি
ODD বাংলা ডেস্ক: প্রেমিকা রাগ করেছে। আর তার মান ভাঙাতে দামি উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন প্রেমিক। তবে তার কাছে টাকা নেই। তাই দুই বন্ধুকে নিয়ে ডাকাতি করতে ঢুকেছিলেন। তবে তা আর শেষরক্ষা হয়নি। অভিযুক্ত তিন জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, ঘটনাটি ঘটেছে দিল্লির সরোজিনী নগর এলাকায়। ডাকাতি করতে এসে ধস্তাধস্তির ঘটনাও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
পুলিশ জানান, ডাকাতিতে অভিযুক্ত তিন যুবক হলেন। আর তারা হলেন কে পুরমের বাসিন্দা শুভম, নিজামুদ্দিনের বাসিন্দা আসিফ (১৯) এবং জামিয়া নগরের বাসিন্দা মহম্মদ শরিয়াফুল মোল্লা (৪১)।
পুলিশ আরো জানান, বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ জোগাড় করে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। শুভম এর আগে মোবাইল চুরির ঘটনায় জেলে ছিলেন। নভেম্বরে ছাড়া পেয়েছেন তিনি। জেরার সময় সে কথা স্বীকারও করেছেন শুভম। জেলের মধ্যে তার সঙ্গে আলাপ হয়েছিল আসিফের। আর সেই শুভমই নিজের প্রেমিকার জন্য ডাকাতি করতে সঙ্গে নিয়েছিলেন বাকি দু’জনকে।
দিল্লির সরোজিনী নগর এলাকায় একাই থাকেন আদিত্য কুমার নামের এক ব্যক্তি। তিনি একটি বহুজাতিক সংস্থার সিইও পদে কাজ করেন। তার বাড়িতেই ডাকাতি করতে এসেছিলেন ওই তিন জন। তিনি জানিয়েছেন, কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলতেই পিস্তল দেখিয়ে ভিতরে ঢোকে তিন ডাকাত। ভিডিওতে দেখা যায়, ঘরের ভিতরে আদিত্যের সঙ্গে তিন ডাকাতের ধস্তাধস্তির দৃশ্য। ল্যাপটপ, মোবাইল ফোন-সহ একাধিক দামি জিনিস নিয়েছিল ডাকাতরা। পরে সে গুলো উদ্ধার হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।





Post a Comment