মোটরযান বিড়ম্বনা এড়াতে জেনে নিন কিছু বিধান
ODD বাংলা ডেস্ক: আধুনিক জীবনযাত্রায় নিজস্ব একটি গাড়ি যেন প্রতিটি মানুষের স্বপ্নের একটি অংশ। গাড়ি না হোক, নিজের একটি মোটরসাইকেল তো থাকতেই পারে। হয়ত অনেকেই ভাবছেন, নতুন একটি মোটরযান কিনে ফেলবেন। এ ছাড়াও রাস্তায় বেড় হলেই বাসে উঠতে হয়। সব মিলিয়ে মোটরযান ছাড়া আধুনিক জীবন অসম্ভব।
তাই জেনে রাখা ভালো মোটরযান বিষয়ক কিছু বিধিবিধান
চালকের যোগ্যতা
মোটরযান আইনের বিধান অনুযায়ী ২০ বছরের নিচে কোনো ব্যক্তি পেশাদার চালকের আসনে বসতে পারবে না। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও লাইসেন্সবিহীন গাড়ি চালানো একটি দণ্ডনীয় অপরাধ। চালকের লাইসেন্স থাকা বাধ্যতামূলক। আইন অনুসারে লাইসেন্সবিহীন গাড়ি চালালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা কোনো ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্ত চালককে গ্রেপ্তার করতে পারেন।
গাড়ির শ্রমিক
গাড়িতে চালকের পাশাপাশি এক বা একাধিক শ্রমিক থাকে। যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়কারীকে আমরা কন্ডাক্টর বলি। গাড়ির কন্ডাক্টর হতে হলে ১৮ বছর এবং কন্ডাক্টরের লাইসেন্স থাকতে হবে। পঙ্গু বা রোগাক্রান্ত কেউ কন্ডাক্টর হিসেবে গাড়িতে কাজ করতে পারবে না।
নিবন্ধন বাধ্যতামূলক
মোটরযান আইন অনুযায়ী মোটরযান নিবন্ধন করা অবশ্যই প্রয়োজন। নিবন্ধিত না হয়ে থাকলে এবং নিবন্ধন চিহ্ন যথাযথভাবে গাড়িতে লাগানো না থাকলে ওই মোটরযানে যাত্রী বা মাল পরিবহন বা অপর কোনো স্থানে চালানো যাবে না। এ ক্ষেত্রে নিবন্ধন ছাড়া গাড়ি চলাচল নিষিদ্ধ করতে হবে।
নির্ধারিত গতি
রাস্তার পাশে গাড়ির গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা থাকে। সে অনুযায়ী গাড়ি চালাতে হবে। চালক যদি কোনো মিছিল কিংবা একদল সৈন্য বা ওই রাস্তায় কার্মরত পুলিশের সম্মুখীন হন কিংবা রাস্তা মেরামতে নিয়োজিত শ্রমিকদের পাশ দিয়ে যান তাহলে গাড়ির গতি ঘণ্টায় ১৫ মাইলের বেশি করা যাবে না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এলাকা দিয়ে গাড়ি যাওয়ার সময় চালককে সব দিকে নজর রাখতে হবে এবং নির্দিষ্ট গতিসীমার চেয়ে বেশি গতিসীমায় গাড়ি চালানো যাবে না।
বিপজ্জনক জায়গা বিবেচেনা
রাস্তার বিপজ্জনক অবস্থায় যেমন ঢালু জায়গায় গাড়ি না থামাতে ড্রাইভারদের ওপর দায়িত্ব আরোপ করা হয়েছে। গাড়ির বাম্পার বা ছাদে কোনো ব্যক্তিকে আরোহণ করতে দেওয়া যাবে না। বাসের আসন ছাড়া অন্য কোনো স্থানে এবং অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি যাত্রী নিতে পারবেন না। সর্বসাধারণের ব্যবহার্য স্থানে মোটরযান চালানো যাবে না।
বাম দিকে চলবে গাড়ি
আইন অনুযায়ী গাড়ির চালক রাস্তার বামদিকে নির্ধারিত লেনে গাড়ি চালাবেন। বিপরীত দিক থেকে আসা সব যানবাহনকে ডান দিক দিয়ে যেতে দেবে। চালক এমনভাবে গাড়ি চালাবেন, যাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয়। দুটি গাড়ি অতিক্রম করার সময় পরস্পরের গায়ে যেন না লাগে সেদিকে লক্ষ রাখতে হবে।
যত্রতত্র গাড়ি থামানো
যেখানে সেখানে গাড়ি থামানো যাবে না বা যাত্রী ওঠানামা করানো যাবে না। নির্দিষ্ট এলাকা ছাড়া গাড়ি দাঁড় করালে জরিমানা এবং নির্দিষ্ট স্থান ছাড়া অন্য স্থান থেকে যাত্রী উঠালে জরিমানা দিতে হবে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে ৫০ টাকা এবং সময়সীমা প্রদর্শন না করে গাড়ি চালালে ৩০ টাকা জরিমানা দিতে হবে।
চালককে বাধ্যতামূলক ট্রাফিক সংকেত মেনে চলতে হবে। ট্রাফিক পুলিশ চাইলে গাড়ির কাগজপত্র দেখাতে চালক বাধ্য থাকবেন। রাস্তায় পথচারী পারাপারের জন্য নির্ধারিত সীমানার ওপর দিয়ে পথচারী পারাপারের সময় চালককে নির্দিষ্ট লাইন বরাবর অবশ্যই গাড়ি থামাতে হবে।
আরো কিছু বিধিনিষেধ
মদ পান করে গাড়ি চালানো যাবে না। গাড়ির নিবন্ধন, ফিটনেস অথবা রুট পারমিট ছাড়া গাড়ি ব্যবহার করা যাবে না। ওভারটেকিং নিষিদ্ধ এমন স্থানে ওভারটেক করা যাবেনা।





Post a Comment