মিশরের ইতিহাসে নতুন দিগন্ত, ৩০০০ বছরের পুরনো শহরের সন্ধান



 ODD বাংলা ডেস্ক:  মিশরে তিন হাজার বছরের পুরনো এক শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। প্রত্নতাত্ত্বিকদের দাবি, এই শহরের সন্ধান মেলায় মিশরের ইতিহাসের এক নতুন দিক উন্মোচিত হবে।


প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, মিশরের লাক্সরে অবস্থিত তিন হাজার বছরের পুরনো এই শহরটির নাম আতেন। এই শহরের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা তৃতীয় আমেনহোতেপ। খ্রিস্টপূর্ব ১৩৯১ থেকে ১৩৫০ পর্যন্ত মিশর শাসন করেছেন তিনি। মনে করা হয়, সেই সময়ের প্রশাসন এবং শিল্পের বেশিরভাগটাই ছিল লাক্সর শহরের পশ্চিম প্রান্তে।


রাজা তুতানখামেনের সৌধের পর আতেন শহর মিশরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আবিষ্কার। এমনটাই জানিয়েছেন এই অনুসন্ধানের কাজে জড়িত জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেস্টি ব্রায়ান।


অধ্যাপক বেস্টি ব্রায়ান বলেন, প্রাচীন মিশরের জীবনযাত্রার বিষয়ে অনেক নতুন তথ্য উন্মোচিত করতে পারে আতেন শহরের আবিষ্কার।


অধ্যাপক বেস্টি আরো জানিয়েছেন, শুধু আতেন নয়, গত কয়েক মাস ধরে মিশরের বিভিন্ন জায়গা থেকে যে সব প্রাচীন জিনিস আবিষ্কার হয়েছে, সেই যোগসূত্র ধরেই মিশরের প্রাচীন জীবনযাত্রা সম্পর্কে আরো তথ্য জানার চেষ্টা চলছে।

 

মিশরের প্রত্নতাত্ত্বিক বিষয়ক সে দেশের প্রাক্তন প্রতিমন্ত্রী জাহি হাবাস জানিয়েছেন, বিদেশ থেকে বহু প্রত্নতত্ত্ববিদ এসেছিলেন এই শহরের খোঁজে। কিন্তু তার সন্ধান পাননি। এই শহরের রাস্তার দু’পাশে বাড়ি ছিল। তাদের মধ্যে বেশ কিছু বাড়ির পাঁচিলের উচ্চতা ছিল ১০ ফুট। আতেন শহরের দক্ষিণে মিলেছে একটি বেকারি। বিশাল বড় মাপের একটি উনুন। তবে এখনও আরো অনেক কিছু উদ্ধারের বাকি রয়েছে বলে জানিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.