কাজের ফাঁকে বার বার আবদার, স্বামীর বসকে চিঠি দিলেন স্ত্রী
ODD বাংলা ডেস্ক: গত বছরের মার্চ-এপ্রিলের কথা ভাবুন তো, পুরো বিশ্ব যেন এক ঘরে বন্দি হয়ে গিয়েছিল। হালফিলের ‘ওয়ার্ক ফ্রম হোমে’র চক্করে বাড়িই হয়ে গিয়েছিল অফিস। আর তাকে ঘিরেই যত কাণ্ড। বাড়ি বসে স্বামী আর কয়েকদিন কাজ করলে বিবাহবিচ্ছেদ হবে বলেই মনে করছেন এক নারী। সেকথা উল্লেখ করে স্বামীর অফিসের বসকে চিঠিও লিখেছেন। যা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
জানা যায়, ওই নারীর স্বামী এবং দুই সন্তান নিয়ে সংসার। স্বামী মাহামারি বেড়ে যাওয়ার কারণে অফিস বন্ধ। তাই তার বাড়িতে বসে কাজ করতে হয়। বাড়িতেই একটি ঘরে বসে অফিসের কাজ সারেন। এ পর্যন্ত ঠিকই ছিল। তবে স্বামীকে নিয়েই অতিষ্ঠ নারী। তার দাবি, ওয়ার্ক ফ্রম হোমের মাঝে ১০ বার কফি চান স্বামী। সঙ্গে ভালোমন্দ খাবারের আবদার তো লেগেই রয়েছে। তাছাড়া যে ঘরে বসে কাজ করেন সেটিও অগোছালো করে রাখেন। শুধু তাই নয় কাজের সময়ে নাকি স্বামীকে ঘুমোতেও দেখেছেন।
নারীর আরো দাবি, দুই সন্তান এবং সংসারের সব কাজ সামলাতে হয় তাকে। তারপর স্বামীর খাবার আর কফির দাবি মেটাতে গিয়ে দিশাহারা তিনি। এভাবে চলতে থাকলে সংসার ভেঙে যাবে বলেও মনে করছেন ওই নারী। তাই স্বামীর বসকে চিঠিই লিখে ফেলেন তিনি। স্বামীর ওয়ার্ক ফ্রম হোমের জেরে কতটা সমস্যায় পড়েছেন, তা উল্লেখ করেন চিঠিতে।
তার একটাই আরজি, এবার স্বামীকে কাজের জন্য অফিসে ডেকে নেয়া হোক। স্বামীর করোনা ভ্যাকসিনের দুই ডোজই নেয়া হয়ে গিয়েছে বলেও চিঠিতে জানান। এই চিঠি ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি। চিঠিটি হর্ষ গোয়েঙ্কা শেয়ার করেছেন। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।





Post a Comment