আতঙ্ক বাড়িয়ে ভারতে ছড়িয়ে পড়ল ওমিক্রন, আক্রান্ত ২

ODD বাংলা ডেস্ক: আশঙ্কা ছিলই, সেটাই সত্যি হল! আতঙ্ক বাড়িয়ে ভারতে ঢুকে পড়ল কোভিডের নতুন রূপ ওমিক্রন। কর্নাটকে দু’জনের দেহে এই ভাইরাস মিলেছে বলে বৃহস্পতিবার জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তদের মধ্যে এক জন পুরুষ এবং এক জন মহিলা। তাঁদের বয়স যথাক্রমে ৬৬ এবং ৪৬ বলে জানিয়েছে মন্ত্রক। আক্রান্তদের কনট্যাক্ট ট্রেসিং-ও করা হয়েছে বলে মন্ত্রক সূত্রে খবর।

এখনও পর্যন্ত ২৯টি দেশে ওমিক্রনে আক্রান্ত রোগীর হদিশ মিলেছে। গোটা বিশ্বে এখনও পর্যন্ত ৩৭৩ জন কোভিডের এই নতুন রূপে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল টুইট করে জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ওমিক্রনের যে সব রোগীর হদিশ মিলেছে সকলেরই মৃদু উপসর্গ ধরা পড়েছে। এর সংক্রমণে মারাত্মক কোনও উপসর্গের কথা এখনও পর্যন্ত শোনা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কোভিডের এই নতুন রূপের প্রকৃতি নিয়ে গবেষণা করছে।’

ওমিক্রন সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যাঁরা আগে কোভিডে আক্রান্ত হয়েছে, তাঁরা আবারও ওমিক্রন আক্রান্ত হতে পারেন। যদিও কতটা সংক্রামক তা এখনও স্পষ্ট নয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.