Odd বাংলা ডেস্ক: দ্বিতীয়ার্ধের প্রথম দিকে কেরালা বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েছিল। তবে এরপর ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে হায়দরাবাদ। এবারের আইএসএলে তারা ৭৫ মিনিটের পর মোট ৬টি গোল করেছে। সেই পরিসংখ্যান মাথায় রেখে গোল শোধের জন্য একের পর এক ভালো সুযোগ তৈরি করেন নিজামের শহরের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে প্রথমার্ধের তুলনায় অনেক বেশি সুযোগ পেয়েছিল হায়দরাবাদ, কিন্তু কাঙ্ক্ষিত গোলটিই আর আসেনি। শেষ লগ্নে চোট পেয়ে মাঠ ছাড়েন কেরালার অধিনায়ক জেসেন কারনেইরো। ম্যাচের মেজাজ এতটাই চড়া ছিল যে হায়দরাবাদের পাঁচজন ও কেরালার চারজন ফুটবলারকে হলুদ কার্ড দেখান রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়।
চলতি আইএসএলে প্রথম ম্যাচটি হারার পর থেকে আর কোনও ম্যাচ হারেনি কেরালা ব্লাস্টার্স এফসি। সেই ধারা অব্যাহত রেখেই তারা পৌঁছে গেল পয়েন্ট তালিকার শীর্ষে। ১০টি ম্যাচে কেরালা ব্লাস্টার্স চারটিতে জিতেছে, ড্র করেছে ৫টি ম্যাচ, হেরেছে মাত্র একটিতে। সমসংখ্যক ম্যাচে মুম্বই সিটি এফসিরও ঝুলিতে ১৭ পয়েন্ট। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে থেকে গতবারের চ্যাম্পিয়নদের দুইয়ে নামিয়ে শীর্ষে চলে গেল কেরালা ব্লাস্টার্স। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেল হায়দরাবাদ এফসি। সমম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়েই গোলপার্থক্যে অনেকটা পিছিয়ে থেকে চতুর্থ স্থানে নেমে গেল জামশেদপুর এফসি। ৯ ম্যাচে এটিকে মোহনবাগানের পয়েন্ট ১৫, তারা চার থেকে নেমে চলে গেল পঞ্চম স্থানে। কাল ফতোরদায় মুম্বই সিটি এফসি খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে।





Post a Comment