আফগানি মেথি চিকেন কারি
ODD বাংলা ডেস্ক: মুরগির মাংস খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ঝটপট সহজ ও সুস্বাদু রান্নায় অনেকেই বেছে নেন মুরগি। নানা পদ্ধতিতে মুরগির মাংস রান্না করা যায়। তবে একটি খাবারে বৈচিত্রময় স্বাদের সম্ভার খুঁজে পাওয়া যাবে আফগানি চিকেন কারি থেকে।
যদিও অনেকের কাছেই এটি খুবই অপরিচিত একটি রেসিপি। তবে মেথি, মাখন ও কাজুবাদামের স্বাদে তৈরি মুরগির মাংসের ভিন্ন ধারার এই খাবারটি সহজেই প্রশংসা কুড়াবে। পরিবারের সবার মন জয় করতে তাই আজ খাবারের টেবিলে রাখতে পারেন আফগানি মেথি চিকেন কারি। এটি তৈরি করাও ভীষণ সহজ। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-
উপকরণ: একটি মুরগি, ৩ টেবিল চামচ টকদই, স্বাদমত লবণ, গুঁড়া মশলা ( মরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, গরম মশলা, মেথি গুঁড়া) প্রতিটি এক চা চামচ, ২-৩ টেবিল চামচ চাট মশলা, একটি বড় পেঁয়াজ কুঁচি, দুই ইঞ্চি পরিমাণ আদা, ৭-৮ কোয়া রসুন, ৪-৫টি কাঁচামরিচ কুঁচি, ৪-৫টি কাজুবাদাম বাটা, ৩ টেবিল চামচ ঘন দুধ, এক চা চামচ মাখন, ৫-৬ টেবিল চামচ তেল, এক কাপ গরম জল, স্বাদমত লবণ, এক মুঠো ধনেপাতা।
প্রণালী: পেঁয়াজ, ধনেপাতা, আদা, রসুন, কাঁচামরিচ ও অল্প জল একসঙ্গে ব্লেন্ড করে পেস্ট তৈরি করতে হবে। এই পেস্টের অর্ধেক অংশ দিয়ে মাংস মেরিনেট করে রাখতে হবে। মেরিনেট করা মাংসে গোল মরিচের গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, গরম মশলা, মেথি গুঁড়া ও ২-৩ টেবিল চামচ চাট মশলা দিয়ে মাখাতে হবে। সবশেষে এতে টকদই দিয়ে মাখিয়ে ৪-৫ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে।
কড়াইতে তেল গরম করে মেরিনেট করা মাংস উচ্চ তাপে ১০-১২ মিনিট ভাজতে হবে। মাংস বাদামি হয়ে আসলে তেল থেকে তুলে নিতে হবে। মাংস ভাজা তেলেই ২-৩ চা চামচ তেল দিয়ে বাকি পেয়াজ-আদা-রসুনের পেস্ট দিয়ে ১০ মিনিট ভাজতে হবে। এতে কাজুবাদাম বাটা দিয়ে আরো দশ মিনিট নেড়ে স্বাদমত লবণ যোগ করতে হবে।
এবারে এতে ভাজা মুরগির মাংস দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মেশাতে হবে এবং এক কাপ গরম জল দিতে হবে। কিছুক্ষণ নেড়ে চুলার জ্বাল কমিয়ে কড়াইয়ের মুখ ঢেকে দিতে হবে। ১০-১৫ মিনিট পর ঢাকনা খুলে এতে কিছুটা মেথি গুঁড়া, ঘন দুধ ও মাখন দিয়ে নেড়ে চুলার জ্বাল বন্ধ করে দিতে হবে এবং গরম গরম আফগানি চিকেন কারি পরিবেশন করতে হবে।





Post a Comment