বাঘের পায়ের ছাপ নিয়ে রহস্য
ODD বাংলা ডেস্ক:সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মহসিনের হুলা এলাকায় বাঘের পায়ের ছাপ নিয়ে রহস্য তৈরি হয়েছে। যদিও এর আগে ঐ এলাকায় একাধিক বার বাঘের দেখা মিলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার (১০ জানুয়ারি) রাতে ভাটার সময় মালঞ্চ নদী পার হয়ে সুন্দরবনের বাঘ লোকালয়ে আসতে পারে বলে তারা ধারণা করছেন। মালঞ্চ নদীর লোকালয় পাড়ের চরে বাঘটির একাধিক পায়ের ছাপ দেখা গেছে বলে জানান তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে বেড়িবাঁধের কাজ করতে আসা কয়েকজন শ্রমিক প্রথমে বাঘের পায়ের ছাপগুলো দেখতে পায়। বিষয়টি শুনে আমরাও সেখানে দেখতে গিয়েছিলাম। পরে বনবিভাগের লোকজন এসে পায়ের ছাপের ছবি তুলে নিয়ে গেছে।
বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে বনবিভাগের টিম পাঠানো হয়। একই সঙ্গে এলাকাবাসীকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে। সতর্কতামূলক ব্যব্স্থা হিসেবে বন বিভাগের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে।





Post a Comment