হালতি : প্রেমের আকাঙ্ক্ষায় হয় ডাকের প্রতিযোগিতা


 

ODD বাংলা ডেস্ক:  একটি পাখি, সেটি আবার পরিচিত অনেকগুলো নামে। বনসুন্দরী, সুমচা, নীলফক্কি, হালতি প্রভৃতি নামে তাকে চেনে মানুষ। অঞ্চল ভেদে বিভিন্ন নামে তার পরিচিত। তবে দেশের বেশিরভাগ অঞ্চলেই এদের ছোট হালতি নামে চেনে। বেশ সুন্দর ও মায়াবী এই পাখির চোখ। যার ফলে সে সহজেই মন কাড়ে মানুষের।

দৃষ্টিনন্দন এই পাখিটির ইংরেজি নাম Green-breasted Pitta বা Hooded Pitaa। এর বৈজ্ঞানিক নাম: Pitta sordida।


১৯ সে.মি. দৈর্ঘ্য ও ৬৫ গ্রাম ওজনের এক প্রজাতির ছোট বনচর পাখি হালতি। প্রাপ্তবয়স্ক পাখির কালচে ডানা ও কাঁধ নীলপট্টি। ডানার বাইরের কালচে অংশে সাদা পট্টি থাকে। বুক বগল ও পালক উজ্জ্বল সবুজ-নীল বর্ণের। লেজতল উজ্জ্বল লাল। মাথার চাঁদি তামা রঙের। মাথাসহ ঘাড়ের পেছন অংশ কালো। চোখ কালচে-বাদামী। ঠোঁট কালো। পা ও পায়ের পাতা কালচে। ছেলে ও মেয়ে পাখির চেহারা অভিন্ন।


সবুজাভ সুমচা চিরসুবজ বন, আদ্র ঝরাপাতা বন ও ঘন ঝোপ-জঙ্গলে বিচরণ করে। সচারচর একা বা জোড়ায় থাকে। মাঝেমধ্যে এরা দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ভেজা বা আদ্র বনতলে ঝরাপাতা উল্টিয়ে এরা খাদ্য খুঁজে বেড়ায়। খাদ্য তালিকায় রয়েছে নানা জাতের পতঙ্গ। খাবারের সন্ধানে এরা মাটিতে নামে। অন্য সময় গাছের ডালেই থাকে। মেয়ে পাখির দৃষ্টি আকর্ষণের জন্য ছেলে পাখিদের ডাকের প্রতিযোগিতা হয়। এক কথায় প্রেমের আকাঙ্ক্ষায় পুরুষরা করে ডাকের প্রতিযোগিতা। আর সেই সময় পাখিটি সহজেই নজরে পড়ে।


এপ্রিল থেকে আগস্ট এদের প্রজননকাল। এরা ঝোপের নিচে বা বাঁশ ঝাড়ের গোড়ায় মাটিতে ঘাস ও পাতা দিয়ে আলগা বলের মতো বাসা বানায়। তবে এমন বাসা তারা ক্ষেত্র বিশেষ গাছের ডালে বানালেও তার সংখ্যা খুব‌ই কম। নিজেদের বানানো বাসায় মেয়েপাখিটি চার থেকে পাঁচটি ডিম পাড়ে। উভয়ে ডিমে তা দিয়ে বাচ্চা ফোঁটায়। বাবা-মা দুজনেই সংসারের কাজ করে।


এদের মূল আবাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, চীন, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, পাপুয়া নিউগিনি ও ভিয়েতনাম জুড়ে এদের বিস্তৃতি। জাপানে এরা অনিয়মিত।


এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত। পৃথিবীতে এদের সংখ্যা সম্বন্ধে তেমন কিছু জানা যায়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.