শীতের বিকেলে বানিয়ে ফেলুন ‘গাজরের হালুয়া’

 


ODD বাংলা ডেস্ক:  গাজর একটি শীতকালীন সবজি। পুষ্টিগুণেও পরিপূর্ণ এই সুস্বাদু সবজিটি। শীতকালীন সবজি হলেও, বর্তমানে বছরের অন্যান্য সময়েও এই সবজিটির দেখা মেলে। কিন্তু শীতকালে গাজরের চাহিদা বেশি থাকে। গাজর দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করা হয়ে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে গাজরের হালুয়া।

এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন যিনি গাজরের হালুয়া খেতে ভালোবাসেন না! খুব অল্প সংখ্যক রান্নাতেই স্বাদ আর স্বাস্থ্যের এমন মিলনের দেখা মেলে। যারা জানেন, তাদের রসনা তৃপ্তিতে তো এমনিতে কোনো বাধা নেই। যারা আগে কখনো গাজরের হালুয়া রাঁধেননি, তাদের জন্য রইল চিরন্তন এই পদটি রান্নার প্রণালী-


উপকরণ: গাজর ৫০০ গ্রাম, দুধ আধা লিটার, ঘি ৬০ গ্রাম, দারুচিনি গুঁড়া পরিমাণমতো, চিনি ১০০ থেকে ১৫০ গ্রাম, খোয়া ১৫০ গ্রাম, কাজুবাদাম ও কিশমিশ পরিমাণমতো। 


প্রণালী: গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কুচি করে নিন। একটি পাত্রে দুধ গরম করতে দিন। দুধ কিছুটা গরম হয়ে এলে কুচিয়ে রাখা গাজর যোগ করুন। খেয়াল রাখুন দুধ যেন অতিরিক্ত ঘন না হয়ে যায়। অন্য একটি পাত্রে ঘি ও দারুচিনি গুঁড়া দিয়ে দিন। মিনিট পাঁচেক পর খোয়া ভালো করে কুচিয়ে ঢেলে দিন পাত্রে। একটু রান্না হয়ে এলে মিশ্রণটি ঢেলে দিন দুধ ও গাজরের মিশ্রণের মধ্যে। ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকুন। ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে কাজু ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন জিভে জল আনা গাজরের হালুয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.