পাখির চোখে : মানুষের মতো গ্রাম



ODD বাংলা ডেস্ক: ছোট্ট গ্রাম সেন্তুরিপে। যার অবস্থান ইতালির সিসিলি দ্বীপে। গুগল ম্যাপে এটি দেখতে যেন মানুষের আকৃতির মতোই। মনে হবে যেন, কোনো এক ক্লান্ত মানুষ দেহ ছড়িয়ে ঘুমিয়ে আছে।

পাহাড়ের এই গ্রামটি সমুদ্র পৃষ্ঠ থেকে দুই হাজার ৪০০ ফুট উপরে। একে বলা হয় ‘সিসিলির ব্যালকনি’। গুগল ম্যাপে গ্রামটির এমন আকৃতির বিষয়টি প্রথম লক্ষ্য করেছেন পিও আন্দ্রেয়া পেরি। ৩২ বছর বয়সী পিও একজন ড্রোন স্ন্যাপার। বিষয়টি চোখে পড়ার পরই ৪০ মাইল ওপরে তার ড্রোন উড়িয়ে দেন তিনি। এরপর যতটুকু সম্ভব ছবি তোলেন।


ছবি তোলার পর ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তা পোস্ট করেন পিও আন্দ্রেয়া। মানুষের পাশাপাশি অনেকেই এই গ্রামের আকৃতি আকাশের তারা, পাখি, এমনকি লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্রকর্মের সঙ্গে তুলনা করেছেন।


এটি নজরে আসার পর অবাক হয়েছেন নেটিজেনরা। আবার কেউ কেউ ধারণা করেছেন কারসাজি করে এই আকৃতি দিয়েছেন পিও। যদিও পরবর্তী সময়ে নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন।


সেন্তুরিপে শহরের মোট বাসিন্দা প্রায় পাঁচ হাজার। গ্রামটি এটনা ভলকানোর খুব কাছে। পিও-এর ছবিগুলো আলোচিত হওয়ার পর তাকে ছবি প্রদর্শনীর আমন্ত্রণ জানিয়েছেন স্থানীয় মেয়র।


এ বিষয়ে পিও আন্দ্রেয়া পেরি গণমাধ্যমকে বলেন, ‘ছবি তোলাটা খুবই কঠিন ছিল। ড্রোনের হাইটের সীমাবদ্ধতার কারণে একাধিকবার ছবিগুলো নিতে হয়েছে।’


পিও আন্দ্রেয়া আরো বলেন, ‘ছবিগুলোর জন্য আমি গর্বিত। ফলাফল যা এসেছে তা নিয়ে আমি সন্তুষ্ট। নিজে নিজেই সব শিখেছি। আমি যা করেছি তা আমার কাছে অনেক বড় বিষয়।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.