কোটি কোটি মানুষ ভুগছে এই রোগে, আপনি সুস্থ তো?
ODD বাংলা ডেস্ক: সকালে উঠে অফিস যাওয়া আর রাতে বাড়ি ফিরে ঘুম। এই একঘেয়ে জীবনের শিকার আজকের দুনিয়া।
বর্তমানে ব্যস্ততার কারণে কমছে নিজের জন্য সময়।
কাজের চাপে পরিবার-পরিজনের সঙ্গে দেখা করে সময় কাটানো তো অনেক দূরের কথা, তাদের সঙ্গে ফোনে কথা বলারও ঠিক সময় পান না। এরপরেই একাকিত্ব ধাওয়া করতে শুরু করে। এইরকম বহুদিন ধরে চলতে থাকলে, নিজের থেকেও কথা বলার ইচ্ছে ক্রমশ কমতে থাকে। নিজেকে সামাজিক ক্রিয়াকলাপ থেকে দূরে সরিয়ে রাখার প্রবণতাও বাড়ে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিগহ্যাম ইয়ং ইউনিভার্সিটির গবেষক জুলিয়ান হোল্ট তার একটি রিপোর্টে জানিয়েছেন, একাকিত্ব, অবসাদ, নিজেকে একঘরে করে নেয়ার প্রবণতা মানুষকে তাড়াতাড়ি মৃত্যুর দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এই গবেষণায় ৩ লাখ মানুষকে পরীক্ষা করা হয়। এই পরীক্ষা থেকেই উঠে আসে, যারা সামাজিক এবং পরষ্পরের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করেন, তারা তুলনামূলকভাবে অনেক সুস্থ।
কিন্তু যারা সমাজ থেকে নিজের দূরে সরিয়ে রাখেন তাদের কম বয়সেই মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। জুলিয়ান হোল্ট জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ৪৫ বছরের নীচে প্রায় ৪২ দশমিক ৬ মিলিয়ন মানুষ এই ধরনের অবসাদে ভুগছেন। বিশেষজ্ঞের মতে, ওবেসিটি যেমন ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়, তার থেকেও বেশি মৃত্যুর সম্ভাবনা বাড়িয়ে দেয় অবসাদ। তার মতে শারীরিকভাবে একজন কতটা সুস্থ তার অনেকটাই নির্ভর করে তার মানসিক অবস্থা কেমন তার ওপরে।
কিন্তু শারীরিক অসুস্থতা যেমন ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে আনা যায়, অবসাদের থেকেও বেরনোরও কী উপায় রয়েছে? এই বিষয়ে বিশেষজ্ঞ জানিয়েছেন, এর থেকে বের হতে হলে অবশ্যই মনের জোর বাড়াতে হবে। একা থাকা বাদ দিতে হবে এবং কাজের চাপ কমিয়ে পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে হবে। আর সমস্যা অনেক দূর গড়ালে মনোবিদের পরামর্শ নিতে হবে।





Post a Comment