অশ্লীল শব্দের সঙ্গে মিল গ্রামের নামের, পরিবর্তনে মরিয়া গ্রামবাসীরা
ODD বাংলা ডেস্ক: নামে কী বা আসে যায়, কাজই হলো আসল বিষয়। না, অনেক ক্ষেত্রে নামেও যে কিছু এসে যায়, তারই একটি নিদর্শন হলো সুইডেনের একটি গ্রাম। অনেক সময় নাম বা করেও পদবির সঙ্গে ‘অশ্লীল’ শব্দের মিল খুঁজে পাওয়া যায়। আর তা নিয়ে নানা কটাক্ষ বা উপহাসের মুখে পড়তে হয়।
তবে এই ক্ষেত্রে কোনো ব্যক্তির নাম নয়, সমস্যাটি হলো গ্রামের নাম নিয়ে। আর যা নিয়ে আপত্তি তুলেছেন গ্রামবাসীরাই। গ্রামটির নাম ‘ফাকে’। মাত্র ১১টি বাড়ি বিশিষ্ট গ্রামটি। আর এখানেই যতো সমস্যা। ইংরেজি অশ্লীল শব্দের সঙ্গে অনেকটাই মিল এই গ্রামের নামের সঙ্গে। তাই গ্রামবাসীরা ঐ নাম পরিবর্তনের জন্য মরিয়া হয়ে উঠেছেন। তারা অনেক বার নাকি প্রশাসনের কাছে এ বিষয়ে জানিয়েছেন। তবে তাতে কোনো কাজ হয়নি।
গ্রামের নাম অদ্ভুত হলেও এর নৈসর্গিক দৃশ্য মোহিত করার মতো। আদতে হ্রদের নাম থেকেই এই গ্রামের নাম করণ করা হয়েছে। এই গ্রামটি ‘ফাকেশিয়ন’ হ্রদের তীরে গড়ে উঠেছে। বহু প্রাচীন এই গ্রামের ঐতিহ্য জড়িয়ে রয়েছে। তবে ঐতিহ্যের ধ্বজাধারী সেই গ্রামের নামই এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নামটিকে নেটমাধ্যমেও বিকৃত করা হচ্ছে। বিষয়টি নিয়ে যথেষ্ট অস্বস্তিবোধও করেন তারা।
তাই ফাকে গ্রামের বাসিন্দারা নতুন নামকরণের সিদ্ধান্ত নিয়েছেন। ন্যাশনাল সার্ভে অব সুইডেনকে আর্জি জানিয়েছেন, এই গ্রামের নাম ফাকের পরিবর্তে ‘ডালসরো’ রাখা হোক। যার অর্থ শান্ত উপত্যকা।
এক গ্রামবাসী জানিয়েছেন, তাদের গ্রাম খুবই সুন্দর গ্রাম। বাসিন্দারা সবাই এখানে থাকতে পছন্দ করেন, কেউ অন্যত্র যেতে চান না। তবে সবাই চাইছেন গ্রামের নামটা যাতে পরিবর্তন করা হয়। নাহলে তাদের ব্যবসা খুব মার খাচ্ছে।
আরো পড়ুন: পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল, গেলে আর কেউ ফিরে আসে না
দ্য লোকালের প্রতিবেদন অনুযায়ী, যদিও ফাকে শব্দের কোনো সুনির্দিষ্ট অর্থ নেই। তবে ইনস্টিটিউট ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোকলোরের দাবি, ফাকের অর্থ হলো ‘ওয়েজ-শেপড পিস অব আর্থ’।
সুইডিশ ভাষাটাই এমন, যে এখানকার বেশ কিছু গ্রাম বা ছোট শহরের নাম শুনলে ইংরাজি ভাষায় অশ্লীল বলে মনে হতে পারে। যেমন এই দেশে 'হাম্প' নামে শহর রয়েছে, আছে ফাকবাই নামে গ্রাম।
২০০৭ সালে এই গ্রামের ১৫ জন বাসিন্দা তাদের গ্রামের নাম পরিবর্তন করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের আবেদন মানেনি কর্তৃপক্ষ। তবে অস্ট্রিয়ায়, ফাকিং নামে একটি শহরের বাসিন্দারা কিন্তু সরকারের কাছে আবেদন করে ২০২১ সালের জানুয়ারিতেই, শহরের নাম পরিবর্তন করে ফুগিং করেছেন।





Post a Comment