স্বাস্থ্যকর ডায়েট স্যুপ
ODD বাংলা ডেস্ক: ওজন কমানোর জন্য সবাই কত কিনা করেন। শরীরচর্চা ও নানা রকম ডায়েট চার্টও অনুসরণ করে থাকেন। ডায়েটের ক্ষেত্রে ভারি খাবার হিসেবে স্যুপের জনপ্রিয়তা অনেক। কিন্তু স্বাদ বাড়াতে আমরা এমন অনেক উপাদান স্যুপ তৈরিতে ব্যবহার করি যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর।
তাই আজ আপনাদের জন্য থাকছে একটি স্বাস্থ্যকর ডায়েট স্যুপের রেসিপি। খুব সহজ উপায়ে বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই স্যুপ তৈরি করা সম্ভব। বাসায় বসে খুব সহজে তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে এই স্বাস্থ্যকর স্যুপে-
উপকরণ: গাজর কুচি এক কাপ, পেঁয়াজ কুচি এক কাপ, ক্যাপসিকাম কুচি এক কাপ, পেঁয়াজের কলি কুচি এক কাপ, বাঁধাকপি কুচি এক কাপ, রসুন এক কোয়া, আদা আধা চা চামচ, কর্নফ্লাওয়ার তিন চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, লেবুর রস দুই চা চামচ, ভেজিটেবল স্টক দুই কাপ, তেল সামান্য এবং লবণ পরিমাণ মতো।
প্রণালী: প্রথমে একটি প্যানে তেল নিয়ে আদা ও রসুন কষিয়ে নিন। এবার এতে পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি ও পেঁয়াজের কলি দিয়ে ভাজতে থাকুন। এবার এতে ভেজিটেবল স্টক দিন। লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে নেড়ে নিন। এবার কর্নফ্লাওয়ার ও সামান্য জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে সবজির মধ্যে দিন। এখন এতে লেবুর রস দিয়ে পাঁচ মিনিট রান্না করুন। ভালো করে নেড়ে আরো ১০ মিনিট রান্না করুন। ওপরে ধনেপাতা ছড়িয়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবশন করুন স্বাস্থ্যকর ডায়েট স্যুপ।





Post a Comment