বিয়ের পিঁড়িতে বসছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা

 


ODD বাংলা ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। নব্বই দশকে যে দুজনকে কাছাকাছি আসতে দেখলেই দর্শকমন শিহরিত হত, আজ তারাই শুভদৃষ্টি সারতে চলেছেন৷ সেই প্রসেনজিৎ-ঋতুপর্ণা। আর তারা ‘প্রাক্তন’ নন। একে অপরের বর্তমান।


সপ্তাহের প্রথম দিন৷ তার ওপর ভালোবাসা দিবস। সোমবার (১৪ ফেব্রুয়ারি ) সকাল সকাল এমন চমক দিলেন টলিউডের দুই শিল্পী। ‘সবিনয় নিবেদন’ লেখা বিয়ের নিমন্ত্রণপত্র পৌঁছল মানুষের ফোনে ফোনে। তাতে লেখা, ‘বিগত তিন দশকেরও বেশি সময় একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’।


গুরুজনদের আশীর্বাদ ও সবার ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই। বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। বিয়ের তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়।’ চিঠির শেষে আবার যুক্ত হয়েছে, ‘ইতি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত’।


বিয়ে সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য ‘লজ্জা না পেয়ে’ যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে মোহর বা শর্মিষ্ঠাকে। প্রসঙ্গত, প্রসেনজিতের পেশাগত সব কাজ সামলান মোহর। একইভাবে ঋতুপর্ণার ম্যানেজার শর্মিষ্ঠা।


পাত্র-পাত্রী দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা। কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার সাক্ষাতে তিনি বলেন, ‘অনেক দিন ধরেই পাত্র-পাত্রী খোঁজা চলছিল। বিয়ের মৌসুম, প্রেমের মাস। এর থেকে ভালো দিন আর নেই এ রকম শুভ সংবাদ সবাইকে জানানোর। খুব শিগগিরই শুভ লগ্ন দেখে বিয়ের তারিখ ঘোষণা করা হবে।’


নতুন ছবি আসছে বাংলার হিট জুটির। যেখানে বিয়ের পিঁড়িতে বসবে তাদের চরিত্ররা। পরিচালনায় সম্রাট। তারই প্রচারে গমগম করছে সোমবার সকাল। কিন্তু এর বেশি কিছু এখন খোলাসা করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন কলাকুশলীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.