খুব সহজ উপায়ে আগামী পাঁচ বছর ফ্রিতেই খেলতে পারবেন ওয়ার্ডল!



 ODD বাংলা ডেস্ক:এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে পাঁচ অক্ষরের শব্দ বানানোর গেম ওয়ার্ডল। তবে জশ ওয়ার্ডল তার বানানো এই গেমটি নিউ ইয়র্ক টাইমসের কাছে বিক্রি করে দেওয়ার পর থেকেই চিন্তার ভাঁজ পড়েছে অনেকের কপালে: সামনের দিনগুলোতে আর খেলা সম্ভব হবে তো প্রিয় এই গেমটি?


সফটওয়্যার ইঞ্জিনিয়ার জশ ওয়ার্ডল ঠিক কী পরিমাণ অর্থের বিনিময়ে গেমটি বিক্রি করেছেন তা জানা না গেলেও, সেটি কমপক্ষে এক মিলিয়ন মার্কিন ডলার। পরবর্তীতে এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, গেমটি এখনো ফ্রিতেই খেলা যাবে। 


তবে চিন্তার কারণ হয়ে আবির্ভূত হয়েছে নিউ ইয়র্ক টাইমসের আনুষ্ঠানিক বিবৃতির ভাষা। তারাও গেমটি ফ্রিতে খেলা যাবে বলে জানালেও, তা মূলত "শুরুর দিকে"। মানে, অদূর ভবিষ্যতে গেমটি খেলার জন্য অর্থ প্রদানের বাধ্যবাধকতা আসতেও পারে। 


তবে ভাবনা থামাতে পারেন এবার। কেননা উপায় আছে ওয়ার্ডলকে নিজের জন্য ফ্রি করে রাখার। সেটি করা যাবে অরিজিনাল গেমটি, অর্থাৎ জশ ওয়ার্ডলের তৈরি করা ওয়ার্ডলকে, স্টোর করার মাধ্যমে। এতে করে আপনি আগামী ২,০০০ দিন, বা পাঁচ বছরেরও বেশি সময় ধরে, ফ্রিতেই খেলে যেতে পারবেন গেমটি।


টুইটারে একজন প্রযুক্তি-লেখক ব্যাখ্যা করেছেন বিষয়টি, "কারো যদি আসলেও কিছু যায় আসে... ওয়ার্ডল মূলত এইচটিএমএলে একটি সেলফ-কনটেইন্ড সাইট। বাইরের কোনো কিছুর উপর নির্ভরশীল নয় এটি। তাই আপনি যদি এটি ডাউনলোড করেন এবং লোকালি চালান, তাহলে এটি অনির্দিষ্টকাল পর্যন্ত কাজ করে যাবে।"


সহজ করে বলতে গেলে, সাইটটি কাজ করে আপনার দিক থেকেই। যখন আপনি সাইটটি (www.powerlanguage.co.uk/wordle/) লোড করেন, তখন আপনি এখন অবধি ওয়ার্ডলের তৈরি করা সবগুলো পাজলই লোড করেন। আপনার কম্পিউটারের টাইম ও ডেট সেটিংস থেকে সাইটটি জানবে যে কোনদিন কোন পাজলটি লোড করতে হবে। এভাবেই আপনি প্রতিদিন নতুন নতুন পাজল পেয়ে যাবেন।


কাজটি আদতেই খুবই সরল, এবং এতে একটি বাড়তি লাভও কিন্তু রয়েছে: আপনি যদি ছোট্ট এই সাইটের একটি লোকাল কপি ডাউন করে নেন, তাহলে জশ ওয়ার্ডলের তৈরি করা ওয়ার্ডল গেমের শব্দভান্ডার ফুরানোর আগ পর্যন্ত আপনি খেলা চালিয়ে যেতে পারবেন। 


সেজন্য স্রেফ ওয়ার্ডলের সাইটে ভিজিট করুন, এবং আপনার ব্রাউজার থেকে "সেভ পেজ অ্যাজ" ক্লিক করুক। এতে করে পেজটি একটি এইচটিএমএল ফাইল হিসেবে আপনার কম্পিউটারে সেভ হয়ে যাবে। পরে যখনই আপনি ফাইলটি ক্লিক করবেন, সেটি আপনার ব্রাউজারে ওপেন করবে। তারপর থেকে প্রতিদিন আপনি পেজটি ভিজিট করলেই পেয়ে যাবেন একটি করে নতুন পাজল। 


আর যদি ওয়ার্ডল কপি ডাউনলোড করে রাখার বুদ্ধিটা আপনার মনঃপুত না হয়, তাহলেও কেবল আপনার ব্রাউজার থেকে পেজটির আর্কাইভড ভার্সন বের করে সেটি বুকমার্ক করে রাখলেই কেল্লাফতে!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.