Odd বাংলা ডেস্ক: সেমিফাইনাল থেকে বিদায় নিল জামশেদপুর এফসি। লিগ শিল্ড জয়ীদের হারিয়ে আইএসএলের ফাইনালে চলে গেল কেরল ব্লাস্টার্স। মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় লেগ ১-১ গোলে ড্র হয়। কিন্তু প্রথম পর্বে ১-০ গোলে জেতায় গড়ে ২-১ গোলে ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে নিল দক্ষিণের দল। এই নিয়ে তিনবার আইএসএলের ফাইনালে কেরল ব্লাস্টার্স। হলুদ আর্মি ছাড়াও এই নজির রয়েছে এটিকে এবং চেন্নাইয়ের। চতুর্থ দল হিসেবে কোনওরকমে প্লে অফের টিকিট জোগাড় করেছিল কেরল। অন্যদিকে চলতি আইএসএলের সবচেয়ে ধারাবাহিক দল জামশেদপুর। গোটা লিগ পর্বে একটানা এক বা দুই নম্বরে ছিল। কে ভেবেছিল টুর্নামেন্ট ফেভারিটদের হারিয়ে দেবে কেরল! প্রথম সেমিতে জয়সূচক গোল ছিল সাহালের। এদিন ম্যাচের প্রথম দিকেই দলকে এগিয়ে দেন আদ্রিয়ান লুনা। জামশেদপুর গোল শোধ দিলেও গড়ে শেষ চার থেকেই বিদায় নিল।
হাইভোল্টেজ প্রথমার্ধ। গোল, অফসাইডের জন্য গোল বাতিল, পেনাল্টির আবেদন, রেফারির নাকচ, অবৈধ ফাউল..প্রথম ৪৫ মিনিটের সারাংশ। গড়ে এক গোলে পিছিয়ে থেকে নেমেছিল জামশেদপুর এফসি। ফাইনালে যেতে লক্ষ্যমাত্রা ছিল দুই গোলে জেতা। কিন্তু উল্টে ম্যাচের শুরুতেই গোল হজম করে নিজেরাই ফাইনালের রাস্তা কঠিন করে দেয় চিমারা।





Post a Comment