রুশ গোলায় ভারতীয় মেডিকেল শিক্ষার্থী নিহত
ODD বাংলা ডেস্ক: ইউক্রেনের কারকিভ অঞ্চলে রাশিয়ার গোলার আঘাতে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। ভারতীয় সরকারের মুখপাত্র অরিন্দম বাগচী বিলেন, মঙ্গলবার (১ মার্চ) সকালে রুশ বাহিনী একটি সরকারি ভবন উড়িয়ে দিলে তার প্রাণহানি ঘটেছে।
তিনি বলেন, তার পরিবারের সঙ্গে সরকার কথা বলেছে। ইউক্রেনের রুশ আগ্রাসনের আগে দেশটিতে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থী ছিলেন। অরিন্দম বাগচী বলেন, আমাদের দাবি হচ্ছে, ভারতীয়দের নিরাপদে পূর্ব ইউক্রেনের দেশটি থেকে বের করে নিয়ে আসা।
২১ বছর বয়সী নিহত শিক্ষার্থীর নাম নবীন শেকরাপ্পা। কর্নাটকের হাভেরিতে মেডিকেলের শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
এদিকে যুদ্ধ বন্ধে দ্বিতীয় দফায় বসতে যাচ্ছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। আগামীকাল বুধবার (২ মার্চ) এই বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। রুশ বার্তা সংস্থা তাসের বরাতে রয়টার্স এমন খবর দিয়েছে।
সোমবার বেলারুশ-ইউক্রেন সীমান্তের গোমেলে দুই পক্ষের প্রথম বৈঠক হয়েছে। এতে দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি নিয়ে আলোচনায় মতৈক্য হওয়ার মতো সুনির্দিষ্ট বিষয়গুলো চিহ্নিত করতে পেরেছে দুই পক্ষ।
পরবর্তী দফার বৈঠকের আগে এগুলো নিয়ে শলাপরামর্শ করতে আবারও একত্র হবেন তারা। গতকাল বৈঠক শেষে ইউক্রেনীয় ও রুশ প্রতিনিধিদলের সদস্যরা সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেন, বৈঠকের প্রধান উদ্দেশ্য ছিল ইউক্রেনে অস্ত্রবিরতি নিয়ে আলোচনা করা। সুনির্দিষ্ট সমাধানে পৌঁছাতে কয়েকটি অগ্রাধিকারের বিষয় চিহ্নিত করেছে দুই পক্ষ।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কিও বলেন, যেসব বিষয়ের ওপর ভর করে মতৈক্য প্রতিষ্ঠিত হতে পারে, সেসব বিষয় চিহ্নিত করেছে দুই দেশের প্রতিনিধিদল।
রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আলোচনা হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের সীমান্তবর্তী দেশ বেলারুশেও এ নিয়ে আলোচনা হয়। মেদিনস্কি বলেন, বেলারুশ ও পোল্যান্ডের মধ্যবর্তী সীমান্ত অঞ্চলে পরবর্তী দফার বৈঠক হবে।





Post a Comment