শান্তি আলোচনার পরও রাশিয়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র চালাচ্ছে



 ODD বাংলা ডেস্ক:  শান্তি আলোচনার পরও ইউক্রেনের একের পর এক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। মঙ্গলবার (০১ মার্চ) কিয়েভ, খারকিভসহ অন্তত ৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।


এরমধ্যেই শক্তি বাড়াতে ৪০ মাইল দীর্ঘ রুশ সেনাবহর কিয়েভের কাছাকাছি পৌঁছেছে। এদিকে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে ভ্যাকুয়াম বোমা ব্যবহারের অভিযোগ করেছে কিয়েভ। এদিকে, যুদ্ধ বন্ধে বুধবার দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন।


আলোচনা অব্যাহত রাখার কথা বলে আজও ইউক্রেনের দুটি শহরে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় সকালেই রাজধানী কিয়েভ ও দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে বিমান হামলা চালায় রুশ বাহিনী এমন অভিযোগ করেছে ইউক্রেন।


আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি-রয়টার্স জানায়, কিয়েভের দিকে রুশ সেনাদের সামরিক বহরের নতুন একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের দাবি ৪০ মাইল দীর্ঘ সামরিক বহরটি দ্রুতই রাজধানী কিয়েভে পৌঁছেছে।


অব্যাহত হামলার মধ্যেই দেশজুড়ে সর্তকতা জারি করেছে ইউক্রেন সরকার। সবাইকে নিরাপদে থাকতেও বলা হয়েছে। আর ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার সতর্কতা জারি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।


এর আগে সোমবার দুপুরে বেলারুশ সীমান্তের গোমেল শহরে শান্তি আলোচনায় বসে ইউক্রেন ও রাশিয়া। কোনো ধরনের গুরুত্বপূর্ণ সমাধান ছাড়াই শেষ হয় টানা পাঁচ ঘণ্টার বৈঠক। তবে আগামীতে আলোচনা চালিয়ে যেতে দুই দেশ রাজি হয় বলে বৈঠক শেষে জানানো হয়।


‌বৈঠকে বসা প্রতিনিধিরা এই বিষয়গুলো নিয়ে আন্তরিকতার সঙ্গে আলোচনা করে একটি পথ খুঁজে বের করতে বদ্ধপরিকর ছিলেন। এখন তারা পরামর্শ করার জন্য নিজ নিজ রাজধানীতে ফিরে যাচ্ছেন। পরবর্তী বৈঠকে এসব আলোচনায় আরও আগ্রগতি হতে পারে। আলোচনায় রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহকারী ভ্লাদিমির মেদিনস্কি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.