একসঙ্গে হালুয়ার ১০ রেসিপি, বেছে নিন আপনার পছন্দেরটি
ODD বাংলা ডেস্ক: দেখতে দেখতেই চলে এলো পবিত্র শবে বরাত। এই দিনটি আসলেই সবার আগে মনে পরে হালুয়ার কথা। সাধারণত আমাদের দেশে অনেকেই শবে বরাতের দিন নানা রকম হালুয়া তৈরি করে থাকেন বাসায়। কারণ শবে বরাতের প্রচলিত ও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো, বাড়িতে বাড়িতে হালুয়া-রুটি তৈরি ও প্রতিবেশিদের মাঝে তা বিতরণ।
অন্যদিকে আপনি বা আমি যদি বলি হালুয়া খেতে পছন্দ করি না, কথাটি হবে একদমই ভুল। কারণ হালুয়া খেতে বাচ্চা থেকে বুড়ো; সবাই পছন্দ করেন। বিশেষ করে মিষ্টিপ্রেমী মানুষের কাছে তো হালুয়ার কদর একটু বেশিই বটে।
আপনি যদি চান তাহলে এই দিনে মজাদার সব হালুয়া তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। সেজন্য জানতে হবে রেসেপি। চলুন তবে জেনে নেয়া যাক একসঙ্গে হালুয়ার ১০ রেসিপি। আর সেখান থেকে বেছে নিন আপনার পছন্দের রেসিপিটি-
ছোলার ডালের হালুয়া
উপকরণ: ছোলার ডাল হাফ কেজি, দুধ এক লিটার, চিনি পরিমাণমতো, ঘি এক কাপের চতুর্থাংশ, এলাচ পরিমাণমতো, দারুচিনি পরিমাণমতো, কিসমিস পরিমাণমতো, পেস্তা বাদাম কুচি।
প্রণালী: প্রথমে শুকনো ছোলাকে অন্তত ঘণ্টা পাঁচেক ভিজিয়ে রাখুন। এরপর ভালোমতো ভিজে গেলে একে ধুয়ে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে ভালোমতো সিদ্ধ করে নিতে হবে। এরপর একে কড়াইতে নিয়ে এর সঙ্গে ঘি এবং পরিমাণমতো চিনি মিশিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে মিশ্রণ কিছুটা ঘন হয়ে এলে এলাচ, এবং দারুচিনির গুড়ো যোগ করুন। সম্পূর্ণ শুকানো পর্যন্ত নাড়তে হবে। সম্পূর্ণ শুকিয়ে গেলেই হালুয়া হয়ে যাবে, এবং আপনার ইচ্ছেমতো পদ্ধতিতে একে পরিবেশন করতে পারবেন। তবে চুলা থেকে নামাবার আগে কিসমিস এবং পেস্তা বাদামের কুচি যোগ করুন।
ছানা গাজরের হালুয়া
উপকরণ: গ্রেট করা গাজর ১ কাপ, ছানা ১ কাপ, কনডেন্স মিল্ক ১ কাপ, চিনি আধা কাপ, কিশমিশ ১ টেবিল চামচ, রোস্টেড কাজু বাদাম গুঁড়া আধা কাপ, এলাচ গুঁড়া আধা চা চামচ, জাফরান ভেজানো জল ১ টেবিল চামচ, গুঁড়া দুধ ১ কাপ, ঘি ১ কাপ, লিকুইড দুধ ১ কাপ।
প্রণালী: গ্রেট করা গাজর ১ কাপ দুধ দিয়ে সিদ্ধ করে নিন। এবার প্যানে ঘি দিয়ে গ্রেট করা গাজর দিন। এলাচ গুঁড়া ও কিশমিশ দিয়ে নাড়ুন, যেন পুড়ে না যায়। এবার এতে ছানা যোগ করুন। বাকি সব উপকরণ দিয়ে নাড়তে থাকুন। আঠালো হয়ে এলে একটি ডিশে ঘি মাখিয়ে মিশ্রণটি ঢেলে দিন। ঠান্ডা হলে ইচ্ছামতো সাজিয়ে বা কেটে পরিবেশন করুন।
মিষ্টি কুমড়ার হালুয়া
উপকরণ: গ্রেড করা মিষ্টি কুমড়া, ঘি, ঘন করা দুধ, চিনি, এলাচি গুঁড়া, তেজপাতা, জল।
প্রণালী: প্রথমে পাত্রে জল নিয়ে গ্রেড করা কুমড়োগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে এবং জল চিপে নিতে হবে। এবার অন্য একটা পাত্রে ঘি দিয়ে তাতে তেজপাতা দিয়ে জল ঝরানো কুমড়োগুলো দিয়ে নাড়াচাড়া করুন। এরপর এর মধ্যে ঘন করা দুধ এবং চিনি দিয়ে ফুটতে দিতে হবে। সবশেষে এলাচ গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন।
কাঁচা আমের হালুয়া
উপকরণ: কাঁচা আম ৪টি, চিনি আড়াই কাপ, ঘি আধা কাপ, এলাচ গুঁড়া ৪টি, সবুজ ফুড কালার সামান্য, কিশমিশ ২ টেবিল চামচ।
প্রণালী: খোসাসহ আম সিদ্ধ করে নিন। আমের খোসা ছিলে ব্লেন্ড করে নিন। প্যানে ঘি দিয়ে এলাচ ও কিশমিশ দিন। আম দিয়ে কিছুক্ষণ ভাজুন। চিনি দিন। ভালো করে নাড়তে থাকুন, যেন লেগে না যায়। যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিন এবং ঠান্ডা হলে পরিবেশন করুন।
নারকেলের হালুয়া
উপকরণ: নারকেল কোরানো ১ কাপ, চালের গুঁড়া আধা কাপ, ঘি আধা কাপ, দুধ ৩ টেবিল চামচ, কনডেন্স মিল্ক আধা টিন, এলাচ গুঁড়া ১ চা চামচ, কিসমিস পরিমাণমতো, চিনি আধা কাপ।
প্রণালী: কোরানো নারকেল বেটে নিন। প্যানে ঘি দিয়ে নারকেল বাটা, এলাচ গুঁড়া, চিনি, কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়ুন। এবার চালের গুঁড়া সামান্য জল দিয়ে গুলিয়ে দিন। যখন আঠালো হয়ে আসবে নাড়তে কষ্ট হবে, তখন একটি প্লেটে ঘি মাখিয়ে ঢেলে দিন। ঠান্ডা হলে কেটে বা সাজিয়ে পরিবেশন করুন।
কমলার হালুয়া
উপকরণ: কমলার রস ১ কাপ, জল আধা কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, চিনি পরিমান মতো, লেবুর রস ১ টেবিল চামচ, কমলা ফুড কালার এক চিমটি, ঘি ৩-৪ চা চামচ, এলাচের গুঁড়া সামান্য, কাঠবাদামকুচি সাজানোর জন্য।
প্রণালী: শুরুতে কমলার রস ছেঁকে নিন। এবার কমলার রস কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে নিন। চুলায় একটি প্যানে চিনি ও আধা কাপ জল ঢেলে দিন মিডিয়াম আঁচে। চিনি গলে গেলে দিয়ে দিন লেবুর রস। এবার কমলার রস ও কর্ন ফ্লাওয়ারের মিশ্রণ দিন। চুলার আঁচ কমিয়ে দিন। এখন নাড়তে থাকুন। কয়েক মিনিট পর ফুড কালার দিন। মিশ্রণটি ঘন হয়ে গেলে এক টেবিল চামচ ঘি দিয়ে নাড়তে থাকুন। ভালো মতো মিশে গেলে আরো এক টেবিল চামচ ঘি দিন। এভাবে টেবিল চামচ ঘি মিশিয়ে নিন হালুয়ায়। হালুয়ার রং স্বচ্ছ হয়ে গেলে এলাচ গুঁড়া দিয়ে নাড়ুন। যে বাটিতে রাখবেন সেখানে অল্প ঘি মিশিয়ে হালুয়া রেখে চেপে চেপে সমান করুন উপরের অংশ। কাঠবাদাম কুচি ছিটিয়ে এক ঘণ্টা রেখে দিন রুম টেম্পারেচারে। হালুয়া জমে গেলে এবার ট্রেতে উঠিয়ে কাটুন পছন্দ মতো আকৃতিতে।
পেঁপের হালুয়া
উপকরণ: ছানা ১ কাপ, কাঁচা পেঁপে সিদ্ধ করে বাটা ১ কাপ, মাওয়া ১ কাপ, চিনি ২ কাপ, ঘি আধা কাপ, গোলাপজল সামান্য, সবুজ রং সামান্য, কিসমিস, কাজু বাদাম- সাজানোর জন্য।
প্রণালী: একটি পাত্রে পেঁপে, ছানা, মাওয়া, চিনি ও ঘি সাথে অল্প সবুজ রং দিয়ে কম আঁচে অনেকক্ষণ ধরে ভুনতে হবে। মিশ্রণ যখন পাত্রের গা ছেড়ে আসবে তখন সামান্য গোলাপজল ছড়িয়ে দিতে হবে। এবার মিশ্রণটি একটি তলা সমান প্লেটে ঢেলে সমান করে বিছিয়ে দিতে হবে। ঠান্ডা হলে পছন্দ অনুযায়ী কেটে নিয়ে উপরে কিসমিস ও বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার পেঁপে হালুয়া।
কাজু বাদামের হালুয়া
উপকরণ: কাজু বাদাম পেষ্ট ২ কাপছানা ২ কাপএলাচ গুঁড়া সামান্যঘি আধা কাপময়দা ১ টেবিল চামচকিসমিস ও পেস্তা বাদাম- সাজানোর জন্যে
প্রণালী: কাজু বাদাম হালকা ভেজে তিন ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। এরপর বাদাম বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। একটি পাত্রে ঘি দিয়ে কাজু বাদাম পেষ্ট ও ছানা ভেজে নিতে হবে। সঙ্গে চিনি দিতে হবে। এরপর ঘন ঘন নাড়তে হবে। ময়দা ও এলাচ গুঁড়া দিয়ে আরো কিছুক্ষণ নাড়তে হবে। মিশ্রণটি পাত্র থেকে উঠে আসলে একটি প্লেটে ঢেলে ঠান্ডা করুন। এবার পছন্দ অনুযায়ী কেটে কিসমিস ও পেস্তা বাদাম দিয়ে সাজাতে হবে।
খেজুরের হালুয়া
উপকরণ: খেজুর ৫০০ গ্রাম, দুধ আধা লিটার, এলাচ গুঁড়া সামান্য, গুঁড়া দুধ আধা কাপ, ঘি সিকি কাপ, কিসমিস ও কাজু বাদাম কুচি- সাজানোর জন্য।
প্রণালী: খেজুর থেকে বীজ ফেলে দিয়ে ৩০ মিনিট দুধে ভিজিয়ে রাখতে হবে। এরপর ব্লেন্ডারে দিয়ে পেষ্ট করে নিতে হবে। একটি পাত্রে মাঝারি আঁচে ঘি গরম করে খেজুরের পেষ্ট ও এলাচ গুঁড়া দিয়ে নাড়তে হবে। মিশ্রণটি ঘন হয়ে এলে গুঁড়া দুধ দিয়ে বার বার নাড়তে হবে। এভাবে যখন ঘি ভেসে উঠবে তখন মিশ্রণটি পাত্র থেকে নামিয়ে ঠান্ডা করে পছন্দমতো আকারে কেটে নিন। বাদাম ও কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
কলার হালুয়া
উপকরণ: পাকা কলা ৩টি, চিনি সিকি কাপ, ঘি ২ টেবিল চামচ, কাজু বাদাম ৩ টেবিল চামচ, এলাচের গুঁড়া সিকি চা চামচ।
প্রণালী: পাকা কলার খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। এবার প্যানে এক চা চামচ ঘি গরম করে নিন। ঘি গরম হলে তাতে কাজু বাদাম আধ ভাঙা করে ভেজে নিন। অন্য একটি প্যানে ঘি গরম করার পর ব্লেন্ড করা কলার পেস্ট দিয়ে দিন। কলার পেস্ট হালকা ভাজা ভাজা হওয়ার পর তাতে চিনি মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে ঘি সহ সব উপকরণ ঢেলে দিয়ে ৮-১০ মিনিট জ্বাল দিন। হালকা তাপে একটু পর পর নেড়ে দিন। চুলা থেকে নামিয়ে একটি প্লেটে সামান্য ঘি মেখে নিন। এবার তাতে পাকা কলার হালুয়া ঢালুন। ঠান্ডা হলে পছন্দের মাপে কেটে নিন।





Post a Comment