বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, সপ্তমী থেকে বৃষ্টিতে ভাসতে পারে বাংলা

ODD বাংলা ডেস্ক: বাংলায় পুজো শুরু হয়ে গিয়েছে। মহালয়া থেকেই ভিড়ে ঠাসা প্যান্ডেল। সপ্তমী-অষ্টমীর ভিড় যে কোথায় গিয়ে দাঁড়াবে তা খানিকটা আন্দাজ করাই যাচ্ছে। কিন্তু হাওয়া অফিস রাজ্যবাসীর জন্য মোটেও সুখবর শোনাচ্ছে না। এবছরের পুজোয় বৃষ্টিতে ভাসতে পারে বাংলা, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। অর্থাৎ প্যান্ডেল হপিংয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে বর্ষাসুর। যদিও এখনও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি আবহবিদরা।

দুবছর করোনার দাপটের পর এবছরের দুর্গাপুজো ঘিরে আশায় বুক বাঁধছেন বহু মানুষ। ফলে এবছরের পুজো সকলের কাছেই অন্যরকম। মহালয়া থেকেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। রাত যত বাড়ছে, ভিড়ও বাড়ছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে মুখভার হওয়ারই অবস্থা বঙ্গবাসীর। 

সোমবার দুপুরে আবহাওয়া দপ্তরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, “১ অক্টোবর অর্থাৎ ষষ্ঠীতে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। যার জেরে ২ অক্টোবর সপ্তমী থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ৪ অক্টোবর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা।” তবে ১ তারিখের আগে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

প্রসঙ্গত, পুজোর সময় বৃষ্টি সেভাবে বাধা হয়ে দাঁড়াবে না, প্রাথমিকভাবে এমনই পূর্বাভাস ছিল হাওয়া অফিসের। পুজোর মুখে আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস চিন্তায় ফেলে দিয়েছে সকলের। বৃষ্টি হলে কীভাবে প্রতিমা দর্শন করবেন তাঁরা,এখন চিন্তা এটাই। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.