‘অ্যারেস্ট মেমো’তে সই করেননি অনুব্রত! ওয়ারেন্ট আনতে দিল্লি ছুটলেন ইডির তদন্তকারীরা
ODD বাংলা ডেস্ক: জেলবন্দি অনুব্রত মণ্ডলকে বৃহস্পতিবার গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার তাঁকে আসানসোলের সিবিআই আদালতে হাজির করানো হতে পারে বলেও খবর মিলেছিল। এ বার ইডি সূত্রে দাবি, ‘অ্যারেস্ট মেমো’তে সই-ই করেননি বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি। তাই, আসানসোলের আদালতে না গিয়ে ইডি আধিকারিকেরা সোজা দিল্লি রওনা হয়েছেন। রাজধানীর ইডি আদালত থেকে কোর্টে হাজির করানোর ওয়ারেন্ট জারি করে অনুব্রতকে দিল্লি নিয়ে আসা হবে বলে খবর মিলল তদন্তকারীদের সূত্রে।আইন বিশেষজ্ঞদের মত, দিল্লির আদালত অনুব্রতের নামে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারি করতে পারে, আবার আসানসোলের আদালতে শুনানিরও নির্দেশ দিতে পারে। তাঁরা জানান, অনুব্রত যদি ‘অ্যারেস্ট মেমো’তে সই করে দিতেন, তা হলে সেই নথি আসানসোলের আদালতে জমা দিয়েই অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারতেন ইডির আধিকারিকেরা। কিন্তু তা না হওয়ায় ওয়ারেন্ট আনতে দিল্লি যেতে হল তদন্তকারীদের।





Post a Comment