স্বাস্থ্যসাথী থাকলেও রোগীর থেকে নগদ টাকা নেওয়ায় জরিমানা কলকাতার হাসপাতালকে
ODD বাংলা ডেস্ক: স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে ভর্তি হয়েছিলেন রোগী। তার পরেও তাঁর থেকে নগদ নেওয়ার অভিযোগ নিউটাউনের এক হাসপাতালের বিরুদ্ধে। আরও অভিযোগ, কোনও রকম রসিদ না দিয়েই নেওয়া হয়েছিল সেই টাকা। অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ওই হাসপাতালকে রোগীর পরিবারের দেওয়া নগদ ৪৫ হাজার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। পাশাপাশি আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিধাননগরের পুলিশ কমিশনারকে হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশও দিয়েছে স্বাস্থ্য কমিশন।গত সেপ্টেম্বরে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে নিউ টাউনের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই রোগী। পরে মৃত্যু হয় তাঁর। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন সোমক ঘোষ। পরিবারের অভিযোগ, রোগীর স্বাস্থ্যসাথী কার্ড জমা নেওয়া সত্ত্বেও চিকিৎসার জন্য তাদের থেকে নগদ ৯৫ হাজার টাকা নেওয়া হয়। রসিদ ছাড়াই নেওয়া হয়েছিল সেই টাকা।




Post a Comment