শিয়ালদহ স্টেশনের কাছে দু’টি লোকাল ট্রেনের জোর ধাক্কা!
ODD বাংলা ডেস্ক: শিয়ালদহ রেলস্টেশনের কাছেই পাশাপাশি ধাক্কা লাগল দু’টি ট্রেনের। বুধবার সকালে শিয়ালদহ কারশেডের কাছেই ঘটে এই দুর্ঘটনা। দু’টি ট্রেনের একটি ফাঁকা থাকলেও অন্যটি ঘটনার সময় যাত্রীবোঝাই ছিল। আশঙ্কা, ধাক্কার তীব্রতা বেশি হলে তা থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেও পারত। বুধবার দুপুর ১২টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। রেল সূত্রে পাওয়া খবর, শিয়ালদহের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে তখন একটি খালি রেক কারশেডের দিকে যাচ্ছিল। ওই একই সময় আপ রানাঘাট লোকালও বেরোচ্ছিল ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে। রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ ডিআরএম অফিস পেরিয়ে কিছুটা এগোতেই খালি রেকটি হঠাৎই রানাঘাট লোকালকে পাশ থেকে ধাক্কা দেয়। তবে সেই ধাক্কা বিশেষ জোরালো ছিল না বলেই দাবি করেছে রেল। তারা জানিয়েছে, বিশেষ কেউ আহত হননি। ট্রেনের তেমন ক্ষতিও হয়নি। কোনও যাত্রী পড়েও যাননি। তবে ঘটনাস্থল থেকে আসা ছবিতে দেখা গিয়েছে, কারশেডগামী ট্রেনটির চাকা খুলে গিয়েছে। রানাঘাটগামী ট্রেনটির কেবিনের দরজাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে রেললাইনেরও।





Post a Comment