গাছে জল দেওয়ার সময় এসব নিয়ম মেনে চলুন
ODD বাংলা ডেস্ক: বিশেষ করে অনেকেরই গাছে জল দেওয়ার কথা মনে থাকে না। তাহলে লেখাটি আপনার উপকারে আসতে পারে। মনে রাখবেন, গাছে জল দেওয়া যেমন উপকারী, তেমন অতিরিক্ত জল গাছের ক্ষতিও করে। অতিরিক্ত জল দিলে গাছের শিকড় পচে গাছ মারা যেতে পারে। তাই আপনার কাছে যতই জলবান্ধব বা কম আলোতে বেড়ে ওঠা ইনডোর প্ল্যান্টসই থাকুক না কেন, সেটাতে জল দেওয়ার নিয়ম জেনে রাখা জরুরি।
হাত দিয়ে মাটির আর্দ্রতা বোঝা যায়
১. কঠিন নিয়ম নেমে গাছে জল দেওয়ার কোনো দরকার নেই। গাছে জল দেওয়ার ক্ষেত্রে নিউইয়র্ক বোটানিক্যাল গার্ডেনের অধ্যপক ক্রিস্টোফার স্যাচ মনে করেন, সপ্তাহে দুবার গাছের গোড়ায় আঙুল দিয়েই বুঝে ফেলা সম্ভব, কখন গাছে জল দিতে হবে। গাছের চারপাশে থাকা মাটি যখন শুকিয়ে আসবে, তখনই গাছে জল দিন। আঙুল দিয়ে মাটি পরীক্ষার এই কৌশলটি বেশি নির্ভরযোগ্য। বাজারে গাছের মাটি পরীক্ষার যে মিটার পাওয়া যায়, সেটার ওপর নির্ভর না করার পরামর্শ দেন ক্রিস্টোফার স্যাচ।
২. কতটা শুষ্ক হলে জল দিতে হবে, সেটা কীভাবে বুঝবেন। এটা বোঝার তিনটি কৌশল আছে—ক. ক্যাকটাস বা রসাল গাছপালায় মাটি পুরোপুরি শুকিয়ে গেলে জল দিন। খ. অ্যান্থরিয়াম, কালাডিয়াম, এলিফ্যান্ট ইয়ার, পাম–ট্রির মতো গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার গাছে জল দিতে হবে মাটি অর্ধেকটা শুকিয়ে গেলেই। গ. আর ফার্ন বা লতাপাতাওয়ালা গাছে জল দিতে হবে মাটিতে আর্দ্রতা বুঝে। অনেক লতাপাতা আবার জলেই বেঁচে থাকে, সেসব জল নিয়মিত বদলে দিন।
রসাল গাছপালায় মাটি পুরোপুরি শুকিয়ে গেলে জল দিন
৩. এক সপ্তাহে ঘন ঘন একাধিকবার জল দেওয়া ভালো না। তাই গাছে জল দিতে হবে প্রয়োজন বুঝে।
৪. গাছে জল দেওয়া যায় নানাভাবে। একটি পাত্রে জল ভরে সেটা গাছের ওপর দিক থেকে ঢেলে দেওয়ার পদ্ধতিই সবচেয়ে পরিচিত। জল দেওয়ার ক্ষেত্রে একটি ভুল অনেকেই করেন, সেটা হলো দ্রুত জল ঢালার পরপরই জল গড়িয়ে যেতে থাকলে আমরা জল বন্ধ করে দিই। সেটা না করে গাছে জল দিতে হবে কিছুটা সময় ধরে। এতে গাছের গোড়ায় জল পৌঁছানো সহজ হবে। ঘরের গাছগুলোকে সিঙ্কের ভেতরে রেখে জল দেওয়ার পরামর্শ দেন উদ্ভিদবিদ ক্রিস্টোফার স্যাচ। তবে স্নেক প্ল্যান্ট বা আফ্রিকান ভায়োলেটের মতো প্ল্যান্ট ঘরে থাকলে তাতে ওপর থেকে জল ঢালবেন না। এসব গাছে ওপর থেকে জল দিলে গাছ মারা যায় দ্রুত। তাই স্নেক প্ল্যান্টের মতো গাছে জল দেওয়ার জন্য একটি ট্রে ব্যবহার করতে পারেন। ট্রেতে প্রথমে জল ঢেলে তার ওপর গাছটি বসিয়ে রাখুন মিনিট দশেক। এরপর তুলে নিন।
ওপর থেকে গাছে জল দেওয়ার সময় পাতা না ভিজিয়ে গোড়ায় জল ঢালুন
৫. গাছে জল দেওয়ার পর টবের নিচে থাকা প্লেটটিতে জল জমলে সেটা কিছু সময় পর ফেলে দিন। কারণ, তলানিটা সব সময় ভেজা থাকলে সেটা গাছের জন্য অপকারী হতে পারে।
৬. ওপর থেকে গাছে জল দেওয়ার সময় পাতা ভেজানোর দরকার নেই। গাছের পাতা সব সময় ভেজা থাকলে পাতায় ছত্রাকের আক্রমণ বাড়তে পারে। এতে গাছের ক্ষতি হবে।
৭. অনেকে গাছে জল দেওয়ার জন্য বরফের কিউব ব্যবহারের পরামর্শ দেন। তবে এটাও গাছের জন্য খুব বেশি উপকারী না। এতে বেশি ঠান্ডা জল পেয়ে গাছ আরও দুর্বল হয়ে যেতে পারে। সাধারণ তাপমাত্রার জলই গাছের জন্য ভালো।





Post a Comment