কালিম্পং-এর একই পরিবারের ৬জন করোনা আক্রান্ত
Odd বাংলা ডেস্ক: রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে ১১ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বর্তমানে রাজ্যে মোট চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা হল ৪৯। তবে গত ২৪ ঘন্টায় রাজ্যে কোন করোনা আক্রান্তের মৃত্যু হয়নি বলে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন। নবান্নে শনিবার সাংবাদিকদের তিনি জানান, নতুন করে ১১জন আক্রান্তের মধ্যে কালিম্পং এর একটি পরিবারের ৬জন রয়েছেন। বাকিরা অন্যান্য বিভিন্ন জেলার। বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন ২৪ জন করোনা আক্রান্তের অবস্থা এখন স্থিতিশীল বলেও মুখ্যসচিব জানিয়েছেন।
অন্যদিকে, রাজ্য সরকার করোনা মোকাবিলার পরিকাঠামোকে উন্নত করতে বিশেষভাবে সচেষ্ট বলে মুখ্যসচিব জানিয়েছেন। তিনি বলেন, রাজ্যে আরো ৮৪ টি কোয়ারেন্টাইন সেন্টার চালু করা হয়েছে সব মিলিয়ে এ নিয়ে রাজ্যে কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা হল ৫১৬। সেখানে ২৬২৬জনকে নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া ৫২ হাজারের বেশি মানুষকে বাড়িতে কয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতিমধ্যে সাত হাজারের বেশি মানুষকে কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে মুখ্য সচিব জানিয়েছেন। তিনি আরো জানান গত ২৪ ঘন্টায় রাজ্য সরকারের হাতে আরো সাড়ে ১৩ হাজার বাড়তি পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট এবং ৫০ হাজার বিভিন্ন ধরনের মাস্ক ও ৮ হাজার লিটার স্যানিটাইজার এসেছে। তা জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে বর্তমানে চারটি সরকারি এবং দুটি বেসরকারি হাসপাতলে করোনা রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। রাজ্য সরকার পরীক্ষাগার বাড়ানোর চেষ্টা চালাচ্ছে বলে মুখ্যসচিব জানিয়েছেন।





Post a Comment