লকডাউনে গৃহবন্দি মানুষের একঘেয়েমি কাটাতে গান ধরল কলকাতা পুলিশ, দেখুন ভিডিও


Odd বাংলা ডেস্ক: সারা দেশজুড়ে যখন করোনার ত্রাস ছড়িয়ে পড়ছে তখন বারবার উঠে এসেছে পুলিশের মানবিক দিক। কখনও অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, কখনও আবার অসুস্থ মানুষের জন্য রক্ত জোগার করে দেওয়া। কলকাতা পুলিশ যেভাবে ময়দানে সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করছেন, তা কিন্তু খুব স্বাভাবিকভাবেই সকলের মন কেড়েছে। 

আর এবার কলকাতা পুলিশ গড়লেন এক অন্য নজির। করোনা রুখতে লকডাউনের কারণে যখন হাঁপিয়ে উঠেছেন সাধারণ মানুষ, তখন মানুষের হারিয়ে যাওয়া মনের জোর ফিরিয়ে আনতে গান বাঁধলেন কলকাতা পুলিশের কর্মকর্তারা। 

গুপি গাইন বাঘা বাইনের সেই বিখ্যাত গান 'ওরে হাল্লা রাজার সেনা' গানের সুরে করোনায় বিশেষ সচেতনতার কথা দিয়ে গান বাঁধলেন কলকাতা পুলিশের কর্মকর্তারা। বলাবাহুল্য পুলিশের যে কর্মকর্তা গান গাইছিলেন, তাঁর গলা খুবই সুন্দর। বাকি কর্মকর্তা এবং এলাকাবাসী হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছিলেন। 


গানের কথায় উঠে এল লকডাউন-এর নিয়ম-নীতি মেনে চলার কথা। বাইরে না বেরিয়ে আর কয়েকটাদিন ধৈর্য ধরে ঘরে বসে থাকার আর্জিই জানালেন তাঁরা। এন্টালি, গড়িয়াহাট, রবীন্দ্র সরোবর থানা এলাকায় গৃহবন্দি নাগরিকদের একঘেয়েমি কাটাতে এবং লকডাউনে জরুরি দরকার ছাড়া বাইরে না বেরনোর বিষয়ে সচেতনতা বাড়াতে এই অসামান্য উপায়টি বের করেছেন তাঁরা। তাঁদের এই উদ্যোগকে Odd বাংলার কুর্নিশ। 
Blogger দ্বারা পরিচালিত.