একদিন কাক-কে খাইয়েছিল, প্রতিদানে রোজ অন্যের বাড়ি থেকে চুরি করে উপহার দিয়ে যায় সে



Odd বাংলা ডেস্ক: আট বছরের ছোট্ট মেয়ে গাবি। বাড়ির লাগোয়া বাগানে তার খেলার সঙ্গী ছিল এক ঝাঁক কাক। গাবি তাদের জন্য জল ও দানাজাতীয় খাবারের ব্যবস্থা করে রাখত। ২০১৬ সাল থেকে গাবির এই কাকের সঙ্গে ভালবাসা। বাড়ির ছাদে, দাদার হাত ধরে গিয়ে বাস স্ট্যান্ডে নিয়ম করে কাক-পক্ষীদের খাওয়াত গাবি। পাঁচ বছরের এই বন্ধুতা শুধুই এক তরফা নয়। এখন রোজ সকাল বিকেল দু’বেলা উপহার পায় গাবি। কাক সমাজে বিরাট কদর তার। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলের বাসিন্দা গাবি নিয়ম করে ফোমের টুকরো, স্ক্রু, কাগজের টুকরো, মুক্তো, বোতাম ইত্যাদি নানা মনোহরি জিনিস পায়। কাক ঠোঁটে করে নিয়ে এসে তার জানলায় রেখে যায় এই সব উপহার। গাবির মা লিসা মান জানিয়েছেন, প্রথম প্রথম গাবি তার পুরো টিফিনটাই তার এই বন্ধুদের দিয়ে দিত। বিষয়টা বুঝতে পেরে তিনি গাবিকে দু’ভাগে টিফিন দিতে শুরু করেন। সম্প্রতি গাবি একটি লেন্স ক্যাপ উপহার পেয়েছে। তাতেই মজে আছে সে। ঈশপের সব কাহিনির শেষে একটি নীতিকথা থাকে। সিয়াটেলের এই ছোট্ট শিশুটির গল্পও একটি নীতিশিক্ষা দিচ্ছে বই কি। প্রকৃতির বন্ধুরা ভালবাসা ফিরিয়ে দেবেই। দিবে আর নিবে মিলাবে মিলিবে— এই আপ্তবাক্যেই লুকিয়ে আছে পৃথিবীর বাঁচা-মরার দিন-তারিখ। আজও।
Blogger দ্বারা পরিচালিত.