মালদায় করোনা পরিস্থিতি ক্রমে বেগতিক, আক্রান্ত বেড়ে ১২৫
Odd বাংলা ডেস্ক: রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমে খারাপের দিকে যাচ্ছে। বৃহস্পতিবার রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ ধরা পড়েছে রাজ্যে। এদিনের স্বাস্থ্য ভবনের মেডিক্যাল বুলেটিন প্রকাশ পেতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যে মালদা জেলা কয়েকদিন আগেও ছিল গ্রীনজোনে এখন সেখানে ক্রমে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে আরও আক্রান্ত হয়েছে ৩৪৪ জন। তার মধ্যে সবচেয়ে বেশি আছে কলকাতায়।কিন্তু মালদা জেলাতেও ধরা পড়েছে ৯ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২৫ জন। যদিও এর মধ্যে প্রায় ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তাহলে এখন মোট সক্রিয় করোনা রোগী ৮৭ জন। জেলায় এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এদিকে মালদা জেলার স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন সংখ্যাটা আদতে আরও বেশি। সঠিক পরিমাণে টেস্ট এখনও হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গের এই জেলা থেকে সবচেয়ে বেশি মানুষ রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যায় । মালদার হবিবপুর ব্লকের বাসিন্দা মোহন উপাধ্যায় বলছেন, এই জেলাতে পরিযায়ী শ্রমিকরা একে একে ফিরে আসছেন। কিন্তু প্রশাসনের উচিত জেলাতে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের কোয়ারেন্টাইনে রাখা। যেটা তারা এখনও করছেন না।






Post a Comment