এই বাঙালি ফকিরের ভয়ে কাঁপত ইংরেজরা! ঘুম কেড়ে নিয়েছিল রাতের..!
Odd বাংলা ডেস্ক: তথাকথিত জাতীয়তাবাদী ইতিহাস দেশের বীর সন্তান বলে যাঁদের কথা বলে থাকে, তাঁদের সঙ্গে একাসনে প্রায় কখনোই তাঁকে বসানো হয় না। প্রকৃত প্রস্তাবে, প্রথমবার ইংরেজদের ঘুম যিনি কেড়ে নিয়েছিলেন তিনি এই মজনু ফকিরই। সেই অর্থে তিনি-ই আমাদের প্রথম বিদ্রোহী নায়ক।
১৭৬৩ খ্রিস্টাব্দ থেকেই এই বিদ্রোহীরা ইংরেজদের জব্দ করতে শুরু করে। প্রথমে দখল করা হয় ঢাকার ইংরেজ কুঠি। রাতের অন্ধকারে ফকির-সন্ন্যাসীরা গিয়ে কুঠি ঘিরে ফেলে। ইংরেজরা প্রায় হতবুদ্ধি হয়ে গা ঢাকা দেয়। ক্লাইভ তো এই ঘটনায় এত চটে যান যে, কুঠির প্রধানকে বরখাস্ত করেন। বেশ কয়েক মাস পরে সে-কুঠি পুনরুদ্ধারে সক্ষম হয় ইংরেজরা। এরপরও বেশ কয়েকটা কুঠি দখল করেন বিদ্রোহীরা। অনুমান করা হয়, এগুলোর নায়ক ছিলেন কোনো এক ফকির। অন্যদিকে দিনহাটায় ইংরেজ লেফট্যানান্ট মরিসনের বাহিনীর সঙ্গে যুদ্ধ বাধে সন্ন্যাসীদের। এই যুদ্ধে সন্ন্যাসীদের নেতৃত্ব দেন রামানন্দ গোঁসাই। এবং মরিসনের বাহিনী সন্ন্যাসীদের কাছে হার স্বীকার করতে বাধ্য হয়। ইংরেজের টনক নড়ে। মন্বন্তরের পর বিদ্রোহীরা ইংরেজদের সঙ্গে যুদ্ধে হারতে থাকে। এমনকী মজনু শাহের নেতৃত্বেও একবার পরাজয় বরণ করে বিদ্রোহীরা। এখান থেকেই মূলত মজনু ফকিরের নেতৃত্বের দৃঢ়তা আমরা লক্ষ করব।
দেশীয় কামারশালে তৈরি আগ্নেয়াস্ত্র নিয়েই তাঁর বাহিনী তৈরি করেছিলেন। এরা গেরিলা যুদ্ধেও ছিল পটু। জমিদার ও ধনী শ্রেণির মানুষের সম্পদ লুট করত। গ্রামবাসীরা এদের সহায় ছিল। তারা জমিদারকে রাজস্ব না দিয়ে তুলে দিত মজনু ও তাঁর বাহিনীর হাতে।





Post a Comment