'ভারতের বায়ুতেই নোংরা', আবহাওয়া পরিবর্তন নিয়ে পিঠ বাঁচাতে 'বন্ধু' মোদীর দেশকে আক্রমণ ট্রাম্পের
Odd বাংলা ডেস্ক: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সর্বশেষ বিতর্কে অংশ নিয়ে ভারতের নিন্দায় সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে নিজের পিঠ বাঁচাতে উপমহাদেশের দেশের ওপর দোষ দিলেন ট্রাম্প। পাশাপাশি আবহাওয়ার পরিবর্তন মোকাবিলায় গৃহিত পরিকল্পনা নিয়ে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকেও কটাক্ষ করেছেন ট্রাম্প। পরম বন্ধু নরেন্দ্র মোদীর দেশে মোদীর স্বচ্ছ ভারত অভিযানকেই একপ্রকার প্রশ্নের মুখে দাঁড় করালেন ট্রাম্প। ভারতের বাতাসই নোংরা- বলে দাবি করেন তিনি।
মার্কিন নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের সঙ্গে মুখোমুখি বিতর্কে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে সরে আসা প্রসঙ্গে চিন, রাশিয়া, এবং ভারতকে তুলোধনা করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, 'চিনের পরিস্থিতি দেখুন, রাশিয়াকে দেখুন, ভারতকে দেখুন। কী নোংরা, দুষিত বায়ু।' পাশাপাশি মোদী সরকারের বিরুদ্ধে বাড়তি আমদানি শুল্ক বসিয়ে আন্তর্জাতিক মুক্ত বাণিজ্যের পরিপন্থী পরিবেশ গড়ে তোলার অভিযোগ করেন ট্রাম্প।
ট্রাম্প আরও দাবি করেন, 'আমি প্যারিস চুক্তি রক্ষা করতে গিয়ে লক্ষ লক্ষ চাকরি, হাজার হাজার সংস্থাকে ছাড়তে পারব না।' তাঁর অভিযোগ, ভারত ও চিনের কলকারখানাগুলি দূষণ ছড়ালেও সেগুলি বন্ধ করতে আন্তর্জাতিক তৎপরতা নেই । কিন্তু পরিবেশ রক্ষার দোহাই দিয়ে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রকেই চাপে ফেলার চেষ্টা চলছে। অন্যদিকে জো বাইডেন বলেন, 'আবহাওয়ার পরিবর্তন মানবতার পক্ষে হুমকি, য়া প্রতিরোধ করা আমাদের নৈতিক কর্তব্য।'





Post a Comment