ব়্যাপের সঙ্গে বিক্রম ঘোষের তবলার বোল, অসামান্য যুগলবন্দীর কেন্দ্রবিন্দু রতন কাহার, মুক্তি পেল 'গাঁদা ফুল'


Odd বাংলা ডেস্ক: লকডাউনের সময় 'গেন্দা ফুল' গানের সঙ্গে ব়্যাপ গেয়ে ব্যাপক ট্রোলড হয়েছিলেন বাংলায়। তখন অনেকে গলা তুলেছিলেন যে বাংলার জনপ্রিয় এই গান চুরি করেছেন বাদশা! বাংলার স্বনামধন্য লোকসঙ্গীত শিল্পী রতন কাহারের 'বড়লোকের বিটি লো' গানের অংশ ব্যবহার করা হলেও কোথাও আসল শিল্পীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়নি। 

যদিও এই ক্ষতি পূরণের জন্য সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসেছিলেন ব়্যাপার বাদশা। বাদশা রতন কাহারের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রবীণ লোকসঙ্গীত শিল্পী রতন কাহারের অ্যাকাউন্টে টাকাও দেন। তবে এবার জনপ্রিয় এই গানের একটা অন্যরকম মেকওভার করা হল। 'তবলা ফোক মিক্স গেন্দা ফুল গাঁদা ফুল' নামে ধ্রুপদী পার্কাসন-এর ছোঁয়ায় একটা নয়া সংস্করণ পেল 'বড়লোকের বিটি লো'। 

গানটি নতুন করে কম্পোজ করেছেন তবলা বাদক বিক্রম ঘোষ এবং মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বাঙালি অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা অরিন্দম শীল। তবে গানের মধ্যে বাদশার মূল গানের বিট-টি ধরা রয়েছে। গানের একটা বিশেষ অংশে গলা দিয়ে রতন কাহার নিজে এবং মহিলা কণ্ঠে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। ভিডিওটিতে বিক্রম ঘোষ, রতন কাহার, ইমন চক্রবর্তী, দেবলীনা কুমার, বাদশা এবং জ্যাকলিন ফার্নান্ডেজকে দেখা গিয়েছে। দেখে নিন গানটি-


তবলা বাদক বিক্রম ঘোষ জানিয়েছেন, 'তবলা মিক্সে এই গানটিকে মানুষ কেমনভাবে নেবেন তা জানার জন্য আমি খুবই এক্সাইটেড। আমরা গানে কিছু কনট্রাস্ট এলিমেন্ট যোগ করেছি, সেটা হল র‌্যাপ-তবলা যুগলবন্দি সঙ্গে ইডিএম। লোক সঙ্গীত, হিন্দুস্তানি পার্কশনের স্টাইল এবং র‌্যাপের সংমিশ্রণে একটা অভিনব ফিউশন তৈরি হয়েছে।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.