বিশ্বের প্রতি ৬জন শিশুর মধ্যে একজন চরম দারিদ্রের শিকার, জানাচ্ছে রাষ্ট্রপুঞ্জ


Odd বাংলা ডেস্ক: বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার আগেই সারা বিশ্বের ৩৫৬ মিলিয়ন তথা ৩৫ কোটি ৬০ লক্ষ শিশু চূড়ান্ত দারিদ্রের শিকার! আর করোনা পরিস্থিতিতে বিশ্বে শিশুদের দারিদ্র, অপুষ্টি এবং অনাহার যেন আকাশ ছুঁয়েছে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল রাষ্ট্রপুঞ্জের ইউএন চিল্ড্রেনস ফান্ড(ইউনিসেফ) এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপের সমীক্ষায়। 

করোনা মহামারির জেরে একাধিক দেশের অর্থনীতি কার্যত মুখ থুবড়ে পড়েছে, আর সেই কারণেই দরিদ্র পরিবারগুলি দারিদ্রের চরমতম সীমায় পৌঁছে গিয়েছে। প্রসঙ্গত, এর আগেই রাষ্ট্রপুঞ্জ-এর তরফে খাদ্য সংকটে জর্জরিত দেশগুলির নাম প্রকাশ্যে আনা হয়েছিল। যার মধ্যে ছিল, আফগানিস্তান, সুদান, ইয়েমেন, সিরিয়া, নাইজেরিয়া এবং কঙ্গো। 

সম্প্রতি গ্লোবাল এস্টিমেট অব চিলড্রেন ইন মানিটারি পভার্টি: অ্যান আপডেট- এর রিপোর্টে বলা হয়েছে, সাব-সাহারান আফ্রিকায় ইতিমধ্যেই খাদ্য সংকট বিরাট আকার ধারণ করেছে। সেখানে প্রায় দুই-তৃতীয়াংশ শিশুর পরিবারের মাথাপিছু আয় ১.৯০ ডলারেরও কম (অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৪০ টাকার মতো)। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলির অবস্থা তো আরও ভয়াবহ, সেখানে প্রতি ৫জন শিশুর মধ্যে একজন  চরম অর্থ সংকটে ভুগছে। 

রাষ্ট্রপুঞ্জের সমীক্ষা অনুসারে, ৫ বছরের কম বয়সী ২০ শতাংশ শিশু অনাহারজনিত অপুষ্টির শিকার! আর করোনা মহামারির কবলে পড়ে বিশ্বের  অর্ধেকেরও বেশি শিশু চরম খাদ্যাভাবের সম্মুখীন হতে চলেছে। চলতি বছরের শেষে আরও ১৩ কোটি মানুষ দুর্ভিক্ষের শিকার হবেন।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.