ভূগর্ভস্থ পানীয় জল নষ্ট করলে এবার মিলবে শাস্তি, হতে পারে ১ লাখের জরিমানা এবং জেলও!



Odd বাংলা ডেস্ক: ভারতবর্ষের ইতিহাসে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি তথা CGWA। ভূগর্ভস্থ ও পানীয় জলের অপব্যবহার শাস্তিযোগ্য বলে সিদ্ধান্ত নিল CGWA। আর এবিষয়ে পুরসংস্থাগুলিকে সঠিকভাবে নিয়মকানুন এবং পরিকাঠামো তৈরির নির্দেশ দিয়েছে তারা। 

ঘণ্টার পর ঘণ্টা কল খুলে রেখে জল নষ্ট করার চিত্র এদেশে প্রচলিত। বিশুদ্ধ পানীয় জল নষ্ট হয়ে গিয়ে নর্দমায় যায়, অথচ দেশের এমন অনেক মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানীয় জল পৌঁছয় না। এই পরিস্থিতিতে CGWA-এর তরফে ২০১৯-এর ১৫ অক্টোবর ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যালের নির্দেশ অনুসারে পরিবেশ (সুরক্ষা) আইনের ৫ নম্বর ধারায় নোটিশ জারি করা হয়েছে। 

রাজেন্দ্র ত্যাগী বনাম ভারত সরকার মামলায় আবেদনকারী দাবি করেন, জল নষ্ট ও অপব্যবহার করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখতে হবে। এরপরই গ্রিন ট্রাইবুন্যালের এই নির্দেশ। সিজিডব্লিউএ বলেছে, জল বোর্ড হোক, বা জল নিগম, ওয়াটার ওয়ার্কস ডিপার্টমেন্ট, পুরসভা বা পঞ্চায়েত- সব কটি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় জল সরবরাহ নিয়ে কাজ করা পুর সংস্থাগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিত করবে, তাদের এলাকায় পানীয় জল বা ভূগর্ভস্থ জলের কোনওরকম অপব্যবহার হয় না। এর অন্যথা হলে শাস্তিমূলক ব্যবস্থার পথ খোলা রাখতে হবে।

নির্দেশে আরও বলা হয়েছে, দেশের কোথাও কেউ যাতে জল অপচয় না করে সে দিকে নজর রাখতে হবে। রাজেন্দ্র ত্যাগীর হয়ে গ্রিন ট্রাইবুন্যালে যিনি মামলা লড়েন সেই আইনজীবী আকাশ বশিষ্ঠ বলেছেন, ভূগর্ভস্থ জল ও পানীয় জল নষ্ট করলে ৫ বছর পর্যন্ত জেল হতে পারে, জরিমানাও হতে পারে ১ লাখ টাকা পর্যন্ত বা দুটোই। এরপরেও যদি অপরাধী নিয়ম না মানেন, তবে প্রতিদিন তাঁর ওপর ৫,০০০ টাকা করে জরিমানা বসানো হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.