বিনা অনুমতিতে দাড়ি রেখে বিপাকে পুলিশকর্মী, ২৫ বছর কর্তব্যপালনের পর তাকে বরখাস্ত করা হল
Odd বাংলা ডেস্ক: ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই গালে দাড়ি রেখেছিলেন উত্তরপ্রদেশের পুলিশ সাব ইন্সপেক্টর ইন্তসার আলি। আর এই 'অপরাধে' সেই এসআই-কে বরখাস্ত করা হল। এমনই অবাককরা ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বাগপত জেলায়। আর এরপরই প্রশ্ন উঠেছে তাহলে এদেশে কি দাড়ি রাখা অপরাধ? অবশ্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুলিশের ড্রেস কোডের নিয়ম ভঙ্গের অপরাধেই বাগপত জেলার রামলা থানার সাব ইন্সপেক্টর ইন্তসার আলিকে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে বরখাস্ত হওয়ার পর ইন্তসার আলি জানিয়েছেন, দাড়ি রাখার অনুমতি চেয়ে তিনি গত বছরের নভেম্বরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেও সেই আবেদনের কোনও উত্তর পাননি তিনি। তিনি আরও জানান যে, তাঁর ২৫ বছরের কর্মজীবনে আগেও দাড়ি রেখেছেন তিনি, কিন্তু কাজের ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি তাঁর।
যদিও পুলিশের ওপর মহলের দাবি, রাজ্য পুলিশের ড্রেস কোড ম্যানুয়ালে স্পষ্ট বলা রয়েছে, শিখ সম্প্রদায়ের সদস্যরা ছাড়া অন্যান্য পুলিশকর্মীরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনওভাবেই দাড়ি রাখতে পারবেন না। ওই নিয়মকে সামনে রেখেই ইন্তসার আলিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বলে জানান বাগপত জেলার পুলিশ সুপার অভিষেক সিং।





Post a Comment