নতুন বছরের সেরা উপহার, ২ জানুয়ারী থেকে শুরু হচ্ছে দেশজুড়ে করোনা টিকার 'ড্রাই রান'
Odd বাংলা ডেস্ক: নতুন বছর শুরু হওয়ার আগেই সুখবর। জানুয়ারির ২ তারিখ থেকেই দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হতে চলেছে করোনার টিকাকরণ প্রক্রিয়ার সার্বিক মহড়া (ড্রাই রান)। এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় সরকার। এনিয়ে বৃহস্পতিবারই রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। সেই বৈঠকেই দেওয়া হল এই নির্দেশ।
প্রথম দফায় ড্রাই রান হয়েছিল ৪ রাজ্যে।২৮ এবং ২৯ ডিসেম্বর পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, অসম ও গুজরাতে দু’দিনের টিকাকরণের 'ড্রাই রান' শেষ হয়েছে সদ্য। দ্বিতীয় দফা হবে ২ জানুয়ারি, শনিবার। সূত্রের খবর প্রতিটি রাজ্যের নির্বাচিত কিছু এলাকায় এই সার্বিক ড্রাই রান হতে চলেছে। আসল টিকা দেওয়ার সময়ে কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারে তা মেপে নিতেই এই মহড়া। এই প্রসঙ্গে মঙ্গলবার কেন্দ্র জানিয়ে দিয়েছে, ৪টি রাজ্যে করোনার টিকাকরণের পরিকাঠামো স্বস্তিদায়ক। এরপরই দেশ জুড়ে ড্রাই রানের সিদ্ধান্ত নিল কেন্দ্র।
নতুন বছরে করোনার টিকা হাতে চলে আসতে পারে। বর্ষশেষে এমনই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সুর এমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া এবং ড্রাগস কন্ট্রোলার জেনারেল ভিজি সোমানির গলাতেও। সোমানির মতে, ‘‘নতুন বছরে আমাদের হাতে কিছু আসতে পারে।’’ তাৎপর্যপূর্ণ মন্তব্যের পাশাপাশি সারা দেশে সার্বিক ভাবে মহড়ার সিদ্ধান্ত ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে।





Post a Comment