সংক্রমণ এড়াতে বিমানকর্মীদের শৌচালয় যাওয়ার পরিবর্তে ব্যবহার করতে হবে ডায়াপার!
Odd বাংলা ডেস্ক: করোনার মহামারির আতঙ্ক কাটিয়ে পুরোপুরি মুক্তি না মিললেও খানিকটা ঘুরে দাঁড়িয়েছে চিন। আর এই পরিস্থিতিতেই চিনে বিমানকর্মীদের জন্য কড়া বিধিনিষেধ জারি করল চিন। বিমানে কেবিনকর্মীদের ডিজপোজেবল অর্থাৎ একবার ব্যবহার করে ফেলে দেওয়া যায় এমন ডায়াপার পরার নির্দেশ দিয়ে চিনের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা।
করোনার সংক্রমণ রুখতে বিমানে যতটা সম্ভব কম শৌচালয় ব্যবহার করা যায় বা শৌচালয় ব্যবহার যাতে এড়িয়ে যাওয়া যায়, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উড়ানসংস্থাগুলির জন্য জারি করা নির্দেশিকায় পিপিই কিট-সহ ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় যে যে সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে তাতে কেবিন কর্মীদের ডায়পার পরার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, সংক্রমণ এড়াতে হলে বিমানে শৌচালয়ে যাওয়া এড়াতে হবে। খুব প্রয়োজন না পড়লে বিমানের শৌচালয় থেকে দূরে থাকাই শ্রেয়।
এছাড়াও, বিমানকর্মী, কেবিন কর্মী, বিমানবন্দরের কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে একেবারে সামনের সারিতে রয়েছেন বিমানকর্মীরা। তাঁদের মানসিক অবস্থা কী, বাড়ির কোনও সমস্যা নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগে রয়েছেন কি না, তাও জানার চেষ্টা করতে হবে। আন্তর্জাতিক বিমানে ডিউটি দেওয়ার আগে কর্মীদের মানসিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং সামাজিক নিরাপত্তার মতো দিকগুলি খতিয়ে দেখতে হবে।





Post a Comment