খনিতে পড়ে যাওয়া ট্রাক উদ্ধার করে দিয়েছিলেন মা কালী! তারপর..
Odd বাংলা ডেস্ক: সাল ১৯৬৮। ইসিএলের কাজোড়া এরিয়ার ঘনশ্যাম কোলিয়ারির বাবুইশোল ইউনিটে কয়লা বোঝাই একটি ট্রাক খনিগর্ভে পড়ে যায়। ট্রাকটি তুলতে ইসিএলের বড় বড় ক্রেন ব্যবহার করা হয়। কিন্তু যতবারই ট্রাকটি তুলতে যায় ততবারই ক্রেনের শেকল ছিঁড়ে যায়। কলকাতা থেকে ডুবুরি নিয়ে যাওয়া হয়। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়ে যায়। খনির পাশেই ছিল ঝোপজঙ্গলে ঘেরা উঁচু ঢিপিতে মা কালী এক বেদী। তৎকালীন ঘনশ্যাম কোলিয়ারির ম্যানেজার অমর ঘোষ কালী মায়ের কাছে মানত করেছিলেন ট্রাকটি উদ্ধার করার জন্য। এরপরে নাকি সহজেই ট্রাকটি উদ্ধার করা যায় খাদ থেকে। তখন থেকেই অখ্যাত ঝোপ জঙ্গলের সেই কালীথান বিখ্যাত হয়ে ওঠে ‘খাদান কালী’ নামে।
ঝোপজঙ্গলে ঘেরা ওই উঁচু ঢিবিতে বেদী তৈরি করে কয়েকশো বছর ধরে স্থানীয় মতিলাল চক্রবর্তীর বংশধরেরা কালী মায়ের পুজো করতেন। অর্থাভাবে প্রতিমা তৈরি করতে পারেননি তাঁরা। তাই খোলা আকাশের নীচে বেদী তৈরি করে ছোট পাথরকে কালী রূপেই পুজো করতেন। ওই কালীস্থানের অন্ধ ভক্ত ছিলেন ইসিএলের ম্যানেজার অমর ঘোষ। কর্মস্থলে আসার আগে নিষ্ঠা সহকারে মায়ের পুজো দিতেন। সে সময়ে সামান্য বেতনে মন্দির তৈরী করে উঠতে পারেননি অমরবাবু। তখন মা কালীর স্বপ্নাদেশ পান তিনি। স্বপ্নাদেশেই বলা ছিল, মন্দিরের যেন কোনও ছাদ না থাকে। মায়ের স্বপ্নাদেশ মতো মন্দির তৈরির সাহায্যের জন্য অমর ঘোষ দ্বারে দ্বারে ঘুরে বেড়ান। শেষ পর্যন্ত স্থানীয় কিছু মুসলিম যুবক মন্দির তৈরির জন্য এগিয়ে আসেন। মন্দির তৈরির যাবতীয় খরচ বহন করেন তাঁরাই। মায়ের স্বপ্নাদেশ মতো মতিলাল চক্রবর্তীর প্রতিষ্ঠিত ঢিবিকে ঘিরে তৈরি হয় মন্দির। বেদীর চারদিক সাজানো হয় কলস দিয়ে। তার উপর দেওয়া হয় ত্রিশূল। তবে ওই বেদীটি দেখতে আজও কারবালা বেদীর মতো।





Post a Comment