এবার সিগারেটটা ছেড়ে দেবেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরে চিকিৎসকদের কথা দিলেন বুদ্ধবাবু
Odd বাংলা ডেস্ক:অনেকদিন ধরেই সিওপিডি-তে ভুগছেন। কিন্তু এখনও পুরোপুরি সিগারেট ছাড়তে পারেননি। মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি রওনা হওয়ার আগে তাঁকে সুস্থ থাকার প্রাথমিক শর্ত হিসেবে ধূমপান ছেড়ে দেওয়ার কথা বলেন চিকিৎসকেরা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন যে, তিনি চেষ্টা করবেন। অন্যান্যবারের চেয়ে এবার যে তাঁর শারীরিক অবস্থা সবচেয়ে বেশি খারাপ হয়েছিল, তা বুঝিয়ে দিয়েই তাঁকে চিকিৎসকরা ধূমপান ছাড়ার পরামর্শ দেন।
দীর্ঘ ৬দিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার বাড়ি ফেরেন বুদ্ধবাবু। মঙ্গলবার সারাদিন খুব ভাল মেজাজেই ছিলেন তিনি। চিকিৎসক-নার্সদের সঙ্গে বেশকিছুক্ষণ কথাও বলেন। বাড়ি ফেরার আগে চিকিৎসকদের করোনা পরিস্থিতিতে সাবধানে কাজ করার পরামর্শও দেন তিনি। এদিন তিনি এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার ধন্যবাদ জানান।
এরপর বাড়ি থেকে আনা সাদা পাজামা-পাঞ্জাবী পরে স্ট্রেচারে করেই হাসপাতালের বাইরে বের করে আনা হয় তাঁকে। এরপর বেলা ১১টা নাগাদ অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরেন তিনি। দক্ষিণ কলকাতার যে বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন সেই হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার এবং মেডিকেল বোর্ডের অন্যতম এক সদস্য চিকিৎসক এবং একজন নার্স তাঁর সঙ্গে তাঁর বাড়ি পর্যন্ত যান।





Post a Comment