নেতাজী-কে নিয়ে বাঙালির আবেগ চাঙ্গা করতে, এক বছর ধরে নেতাজীর ১২৫তম জন্মবার্ষিকী পালনের কর্মসূচী কেন্দ্রের


Odd বাংলা ডেস্ক: ২০২২ সালে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করা ২০২১ সালের ২৩ জানুয়ারি থেকেই শুরু করে দিচ্ছে মোদী সরকার। এরাজ্যে বিধানসভা ভোটের আগে বাঙালির অন্যতম আদর্শ এবং আবেগ নেতাজীকে নিয়ে কেন্দ্রের এই উৎসাহ তাৎপর্যপূর্ণ বলেই রাজনীতিকরা মনে করছেন।

কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিংহ পটেল এদিন এ নিয়ে বৈঠকের পরে ঘোষণা করেছেন, এক বছর ধরে সুভাষচন্দ্রের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হবে। এই উপলক্ষে কলকাতায় সুভাষচন্দ্রের বিষয়ে সংগ্রহশালা তৈরি হবে। দিল্লির লাল কেল্লায় সুভাষচন্দ্র ও আজাদ হিন্দ ফৌজের বিষয়ে সংগ্রহশালারও সম্প্রসারণ হবে।

এছাড়াও বিভিন্ন দেশে ভারতের হাইকমিশন এবং দূতাবাসেও নেতাজীর জন্ম উদযাপন করা হবে। জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতৃত্ব দানের জন্য আজাদ হিন্দ ফৌজের সেনানীদের আমন্ত্রণ জানানো হতে পারে। প্রসঙ্গত, ইদানীং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় প্রায়শই শোনা যাচ্ছে কবিগুরু রবীন্দ্রণাথ এবং অরবিন্দ ঘোষের মতো ব্যক্তিত্বের কথা। সেইসঙ্গে মনমোহন বসুর কবিতাও আবৃত্তি করছেন তিনি। পশ্চিমবঙ্গে বহিরাগতের তকমা ঝেড়ে ফেলতেই বিজেপির এই স্ট্র্যাটেজি বলে মনে করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.