কেবল কার্তিক-গণেশই নয়, মহাদেবের রয়েছে আরও চার পুত্র সন্তান, জানেন তাঁরা কারা?
Odd বাংলা ডেস্ক: মহাদেবের পরিবার সম্পর্কে প্রশ্ন উঠলে বেশিরভাগ মানুষই বলবেন, এ নিয়ে আর নতুন কী জানার আছে? কারণ হিন্দু দেবলোকে মহাদেবের অবস্থান এতটাই উজ্জ্বল যে, তাঁর পারিবারিক জীবন সম্পর্কে কোনও আলোকপাত করতে চাওয়াও বাহুল্য। হিন্দু মাত্রেই জানেন শিবের পুত্রের সংখ্যা দুই। কার্তিক বা ষড়ানন এবং গণেশ বা গজানন। কিন্তু, 'শিবপুরাণ' বলছে, শিবের মোট পুত্রসংখ্যা ৬। এই পুত্রেরা কেউই কিন্তু পার্বতীর সন্তান নন। শিবের বিভিন্ন লীলার সময়ে তাঁদের জন্ম হয়েছিল। কার্তিক-গণেশ ছাড়াও বাকি চার পুত্র কারা, জানেন?
১) অয়প্প- অসুরদের হাত থেকে অমৃতকে বাঁচানোর জন্য বিষ্ণু মোহিনীরূপ ধারণ করেন। সেই সময়ে শিব তাঁর সঙ্গে মিলিত হন এবং এই মিলনের ফলেই জন্ম হয় অয়প্পর। দক্ষিণ ভারেত অয়প্পকে গুরুত্বপূর্ণ দেবতা বলেই মনে করা হয়। তাঁকে হরি ও হরের সম্মিলিত রূপ বলে মনে করা হয়।
২) অন্ধক- দানবরাজ হিরণ্যাক্ষ পুত্রহীন ছিলেন। তিনি পুত্রলাভের আশায় মহাদেবের তপস্যা করেন। শিব তাঁকে এক পুত্রসন্তান প্রদান করেন। জন্মান্ধ সেই পুত্রের নাম ছিল অন্ধক। পরে অন্ধক পার্বতীকে ধর্ষণ করতে চাইলে স্বয়ং শিবই তাঁকে হত্যা করেন।
৩) ভৌম- শিবের স্বেদবিন্দু ভূমিতে পড়েই জন্ম হয়েছিল ভৌমের। শিব তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন। ভূমিদেবীই ভৌমকে পালন করেন। পরে শিব ভৌমের কথা জানতে পারেন এবং তাঁকে পুত্র হিসেবে স্বীকার করে নেন।
৪) খুজ- একবার গভীর ধ্যানে মগ্ন অবস্থায় শিবের দেহ থেকে তীব্র জ্যোতি বিকীর্ণ হতে থাকে। সেই জ্যোতি ভূমিতে প্রবিষ্ট হলে খুজের জন্ম হয়। তাঁকে লৌহের দেবতা বলে মনে করা হয়।





Post a Comment