'লাভ জিহাদ' আইনে প্রথম গ্রেফতার যোগীরাজ্যে
Odd বাংলা ডেস্ক: উত্তর প্রদেশে হিন্দু মহিলাকে ইসলাম ধর্মে ধর্মান্তরনের অভিযোগে এক মুসলিম পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতে 'লাভ-জিহাদ' বিরোধী নতুন আইনে প্রথম গ্রেফতার এটি। বুধবার উত্তর প্রদেশের বরেলি জেলা পুলিশ গ্রেফতারের খবরটি প্রথম টুইটারে জানিয়েছে।
উত্তরপ্রদেশের বিজেপি সরকার হিন্দু-মুসলিম বিয়ে বন্ধের জন্য গত ২৪ নভেম্বর দশ বছরের কারাদণ্ড এবং জামিন অযোগ্য ধারায় এই নতুন আইন পাস করে। উত্তর প্রদেশ ছাড়াও আরও চারটি রাজ্য 'লাভ-জিহাদ' বিরোধী আইনের খসড়া চূড়ান্ত হয়েছে। আইনে বলা হয়েছে, ধর্মান্তরের প্রমাণ পাওয়া গেলে সেই বিয়ে বাতিল বলে বিবেচিত হবে।
ওই মেয়েটির বাবা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি পুলিশে অভিযোগ করেছেন, কারণ ওই ব্যক্তি তার মেয়ের ওপর ধর্মান্তরের জন্য চাপ সৃষ্টি করছিল, এবং হুমকিও দিচ্ছিল। ওই ব্যক্তির সঙ্গে ওই মহিলার সম্পর্ক ছিল, কিন্তু পরে তিনি অন্য একজন পুরুষকে বিয়ে করেন।
পুলিশ জানিয়েছে, এক বছর আগে ওই মহিলার পরিবার এক মুসলমান ব্যক্তির বিরুদ্ধে অপহরণের মামলা করেছিল। কিন্তু পরে ওই মহিলা তাঁর অপহরণ করা হয়নি জানালে মামলাটি বন্ধ করে দেওয়া হয়। বুধবার গ্রেফতারের পর ওই ব্যক্তিকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তবে সাংবাদিকদের কাছে তিনি দাবি করেছেন, তিনি নির্দোষ এবং ওই মহিলার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।
এদেশে মুসলিম যুবকরা যখনই কোনও হিন্দু মেয়েকে ভালোবেসে বিয়ে করতে গিয়েছেন, তখনই বিজেপি ও অন্যান্য হিন্দুত্ব-বাদী গোষ্ঠী 'লাভ জিহাদ' বলে বর্ণনা করে আসছে। এই মূহুর্তে মধ্যপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক এবং অসম 'লাভ-জিহাদ' ঠেকানোর এই আইন পাসের পরিকল্পনা করছে। এই রাজ্যগুলির সরকারের দায়িত্বে রয়েছে বিজেপি। সমালোচকরা এই আইনটিকে 'ইসলামোফোবিক' বলে আখ্যা দিয়েছেন, এবং এর বিরুদ্ধে দেশে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।





Post a Comment