বর্ষশেষে পাকিস্তানে ভাঙা হল হিন্দু মন্দির! আগুন লাগিয়ে দিল উন্মত্ত জনতা
Odd বাংলা ডেস্ক: বছর শেষে হিন্দু মন্দির ভাঙচুরের জেরে উত্তেজনা পাকিস্তানে। পাকিস্তানের রক্ষণশীল উত্তর-পশ্চিম শহরে উগ্র ইসলামপন্থী দলের নেতৃত্বে একদল উন্মত্ত জনতা হিন্দুদের একটি মন্দির ভেঙে আগুন ধরিয়ে দেয়। খাইবার পাখতুনখওয়ার কারাক জেলায় বুধবার ঘটে যাওয়া এই ঘটনার নিন্দায় সোচ্চার হয়েছেন পাকিস্তানের মানবাধিকার কর্মীরা। এমনকী পাক মানবাধিকার মন্ত্রী শিরীন মাজারিও ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে সংশ্লিষ্ট পুলিশ-প্রশাসনকে নির্দেশ দেন।
মন্দির ভাঙার খবর প্রকাশ্যে আসার পরেই টুইট করেন পাকমন্ত্রী শিরীন মাজারি। এই ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে, গ্রেফতারের নির্দেশ দেন পুলিশকে। জেলা পুলিশের প্রধান ইরফান উল্লাহর দাবি, মন্দিরে হামলার ঘটনায় জড়িত অনেককেই ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, উগ্র ইসলামিক গোষ্ঠী জমিয়ত উলেমায়ে ইসলাম পার্টির স্থানীয় কিছু নেতার উপস্থিতিতে মন্দির ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে।
অভিযোগ, স্থানীয় হিন্দুরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে মন্দিরটির সংস্কারে হাত দিয়েছিলেন। কিন্তু, জমিয়তের নেতাদের তা পছন্দ হয়নি। তাই তাঁদের উস্কানিতে কয়েক'শো ধর্মীয় উন্মাদ মন্দিরে চড়াও হয়। মুহূর্তের মধ্যে ভেঙে ফেলে মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর একটি সূত্রে অভিযোগ, ঘটনার কয়েক ঘণ্টা আগেই ওই এলাকায় উলেমায়ে ইসলাম-এফের একটি র্যালি ছিল। সেই পদযাত্রা থেকে বক্তারা প্ররোচনামূলক ভাষণ দেন। তাতেই প্ররোচিত হয়ে স্থানীয় কয়েক'শো উন্মত্ত লোক মন্দিরে চড়াও হয়। মন্দির ভাঙার জেরে এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হলে, ব্যাপক পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দিতে হয়। যদিও, অভিযুক্ত সংগঠনের আমির মওলনা আতাউর রহমান অভিযোগ উড়িয়ে বলেন, ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই।





Post a Comment